POPULAR BD NEWS
Popular BD News Logo

হাজীগঞ্জে পাওনা টাকা চাওয়ায় প্রবাসীকে হুমকি

পপুলার বিডিনিউজ রিপোর্ট | প্রকাশিত: ফেব্রুয়ারি ২৪, ২০২২ | সময়: ৯:৩৯ পূর্বাহ্ণ
হাজীগঞ্জ

হাজীগঞ্জে পাওনা টাকা চাওয়ায় মো. ফরিদ উদ্দিন নামের এক সৌদিআরব প্রবাসীকে হুমকি দেয়ার অভিযোগ উঠেছে। উপজেলার গন্ধর্ব্যপুর উত্তর ইউনিয়নের আব্দুল গণি ব্রিকের সত্ত্বাধিকারী মো. মহসিন পাটোয়ারী মঙ্গলবার রাতে ওই প্রবাসীকে হুমকি দেন।

বিষয়টি প্রবাস থেকে হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জকেও মৌখিকভাবে অবহিত করা হয়। ফরিদ উদ্দিন ফরিদগঞ্জ উপজেলার মানুরী গ্রামের মো. জামাল উদ্দিনের ছেলে।

ফরিদ উদ্দিন মুঠোফোনে জানান, ২০১৯ সালের ১৯ সেপ্টেম্বর আব্দুল গণি ব্রিকের সত্ত্বাধিকারী মো. মহসিন পাটোয়ারীকে তিনি ১৪ লাখ টাকা হাওলাত দেন। ২০২০ সালের ৫ জানুয়ারী এই টাকা পরিশোধের কথা থাকলেও তিনি তা পরিশোধ না করে ১৪ লাখ টাকার পূবালী ব্যাংকের একটি চেক (নং–AS100-A-2839427) দেন।

পরবর্তীতে ব্যাংকে টাকা না থাকায় তিনি (ফরিদ উদ্দিন) এ টাকা উত্তোলন করতে পারেননি। এরপর বেশ কয়েকবার তাগাদা দেয়ার পর ২০২১ সালে নগদ ১০ লাখ টাকা পরিশোধ এবং বাকি ৪ লাখ টাকার পূবালী ব্যাংকের একটি চেক দেন মহসিন পাটওয়ারী। চেকে (নং- AS100-A-2839492) গত বছরের ১৪ মে তারিখ উল্লেখ করা হয়।

কিন্তু এবারো একাউন্টে টাকা না থাকায় ফরিদ উদ্দিন ৪ লাখ টাকা উত্তোলন করতে পারেনি। বিষয়টি মহসিন পাটওয়ারীকে অবহিত করলে তিনি বার বার সময় নেন। এভাবে কয়েকমাস পার হলেও তিনি টাকা পরিশোধ করেনি। এরপর ফরিদ উদ্দিন পাওনা টাকা আদায়ে বার বার তাগাদা দিলে মহসিন পাটওয়ারী গত ২১ ফেব্রুয়ারী লোক মারফতে ০১৮১৩-৯৩১৯৭৭ নম্বর থেকে হুমকি-ধমকি দেন। ওই সময় হুমকি দাতা বলেন, ‘তুই কিসের টাকা পাবি, তোর বাসা একবার গিয়েছি, প্রয়োজনে আরো একবার তোর বাসা যাবো, বেশি বাড়াবাড়ি করবিনা।’

এ বিষয়ে আব্দুল গণি ব্রিকের সত্ত্বাধিকারী মো. মহসিন পাটোয়ারীর সাথে মুঠোফোনে কথা হলে তিনি জানান, ফরিদ উদ্দিন আমার কাছে ২ লাখ টাকা পাবে।

হুমকি-ধমকির বিষয়ে কথা হলে, তিনি ওই মোবাইল নম্বরটি নিয়ে আর কিছুই জানাননি।

এ প্রসঙ্গে থানা অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ হারুনুর রশীদ বলেন, ফোন করে বিষয়টি অবহিত করেছে। লিখিত অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন