POPULAR BD NEWS
Popular BD News Logo

সীতাকুণ্ডে নলকূপ থেকে বের হচ্ছে গ্যাস, দর্শনার্থীদের ভিড়

পপুলার বিডিনিউজ ডেস্ক | প্রকাশিত: ফেব্রুয়ারি ২৩, ২০২২ | সময়: ৩:০৪ অপরাহ্ণ

চট্টগ্রামের সীতাকুণ্ডের বাড়বকুণ্ড ইউনিয়নের মান্দারীটোলা এলাকায় নির্মাণাধীন একটি বাড়ির নলকূপ থেকে গ্যাস বের হচ্ছে। খবরটি ছড়িয়ে পড়লে স্থানীয় লোকজন সেখানে ভিড় জমান।

যে বাড়ি থেকে গ্যাস বের হচ্ছে, সেই বাড়ির মালিকের নাম কামরুল হোসাইন। তিনি বলেন, প্রথমে তাঁরা ৭৫ ফুট গভীর পর্যন্ত পাইপ বসান। তখন নলকূপ দিয়ে পানি উঠছিল। কিন্তু নলকূপটির ভেতরে শোঁ শোঁ শব্দ করছিল। পরে গ্যাস সন্দেহে আগুন দিলে সেখানে দাউ দাউ করে আগুন জ্বলতে থাকে। নলকূপের হাতল চাপ দিলে গ্যাস বের হওয়ার পরিমাণ বাড়তে থাকে। পরে সেই স্থান বাদ দিয়ে আরও কিছুটা দূরে নতুন করে আরও একটি নলকূপ বসানো হয়। সেখানেও একইভাবে গ্যাস বের হতে থাকে।

সীতাকুণ্ড উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শাহাদাত হোসেন বলেন, নলকূপের ভেতর থেকে গ্যাস বের হওয়ার বিষয়টি তিনি শুনেছেন। সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে তিনি কথা বলবেন।

সম্প্রতি সীতাকুণ্ডের বিভিন্ন স্থানে গ্যাসের অনুসন্ধানে কাজ শুরু করেছে বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি লিমিটেড (বাপেক্স)। চীনা কোম্পানি সিনোপেকের প্রযুক্তিগত সহযোগিতায় সীতাকুণ্ডের সমুদ্র উপকূল থেকে পাহাড় পর্যন্ত বিভিন্ন স্থানে গ্যাসের অনুসন্ধান চালিয়ে যাচ্ছে প্রতিষ্ঠানটি। বর্তমানে তাদের একটি দল বাড়বকুণ্ড উচ্চবিদ্যালয়ের মাঠে অবস্থান করছে।
সূত্র: প্রথম আলো
E/N

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন