স্বাধীনতা যুদ্ধের সময় যে স্লোগান কণ্ঠে নিয়ে প্রাণ বিসর্জন দিতে ঝাঁপিয়ে পড়ত বাংলার দামাল সন্তানরা সেই ‘জয়বাংলা’ স্লোগানকে জাতীয় স্লোগান করার সিদ্ধান্ত নিয়েছে মন্ত্রিসভা। মন্ত্রিপরিষদ বিভাগ থেকে দ্রুত এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হবে। এদিকে আগামীকাল মঙ্গলবার থেকে করোনাভাইরাসের তৃতীয় ঢেউ ওমিক্রন উপলক্ষ্যে চলতে থাকা বিধিনিষেধ তুলে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। তবে স্বাস্থ্যবিধি মানার শর্ত থাকছে। বাইরে বের হলে মাস্ক পরার বিষয়টিতে গুরুত্ব দিতে অনুরোধ করেছে সরকার। এ ছাড়া মন্ত্রিসভার বৈঠকে দুটি আইনের খসড়ায় নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে। বৈঠক শেষে সংবাদ সম্মেলনে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম এসব তথ্য জানান।
রোববার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত হয়। গণভবন থেকে প্রধানমন্ত্রী এবং সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের মন্ত্রিসভা কক্ষ থেকে সংশ্লিষ্ট মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা ভার্চুয়ালি বৈঠকে যোগ দেন। বৈঠকে ‘ব্যাংক আমানত বিমা আইন’ সংশোধন করার উদ্দেশ্যে ‘ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান আমানত সুরক্ষা আইন’ এর খসড়া অনুমোদন দেওয়া হয়েছে। এ ছাড়া ‘বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিল (সংশোধন) আইন-২০২১’-এর খসড়ার অনুমোদন দেওয়া হয়েছে।
সূত্র:যুগান্তর
E/N