POPULAR BD NEWS
Popular BD News Logo

‘আমি নিরাপত্তাহীনতায় আছি, আমি অন্যায়ের শিকার’

পপুলার বিডিনিউজ ডেস্ক | প্রকাশিত: ফেব্রুয়ারি ১৭, ২০২২ | সময়: ৭:৩৫ অপরাহ্ণ

দুর্নীতি দমন কমিশন (দুদক) থেকে সদ্য চাকরিচ্যুত উপসহকারী পরিচালক মো. শরীফ উদ্দিন বলেছেন, তিনি অন্যায়ের শিকার। তিনি পরিবার-পরিজন নিয়ে নিরাপত্তাহীনতায় ভুগছেন। আজ বৃহস্পতিবার তিনি এই কথা বলেন।

শরীফ উদ্দিন বলেন, ‘আমি এখন পরিবার-পরিজন নিয়ে চরম নিরাপত্তাহীনতায় আছি। আমি রাষ্ট্রের কাছে আশ্রয় প্রার্থনা করছি। আমি অন্যায়ের শিকার, জুলুমের শিকার। আমি সাংবিধানিক অধিকার থেকে বঞ্চিত হয়েছি।

বুধবার দুদক কর্মচারী চাকরি বিধিমালা ২০০৮–এর ৫৪(২) বিধি অনুযায়ী দুদক চেয়ারম্যান মো. মঈনউদ্দীন আবদুল্লাহ উপসহকারী পরিচালক মো. শরীফ উদ্দিনকে চাকরি থেকে অপসারণ করেন। তিনি সর্বশেষ পটুয়াখালী দুদকের সমন্বিত জেলা কার্যালয়ে কর্মরত ছিলেন।

এদিকে শরীফ উদ্দিনকে চাকরিচ্যুত করার প্রতিবাদে পটুয়াখালীতে মানববন্ধন করেছেন তাঁর সহকর্মীরা। আজ দুপুর সাড়ে ১২টার দিকে পটুয়াখালীর কলাতলা এলাকায় দুদক সমন্বিত জেলা কার্যালয়ের সামনে মানববন্ধনে অংশ নেন তাঁর সহকর্মীরা। মানববন্ধনে দুদক কর্মচারী আইন ৫৪(২) ধারাকে বিতর্কিত আইন দাবি করে, এটি বাতিলসহ শরীফ উদ্দিনকে চাকরিতে বহালের দাবি জানান জেলা দুদক কর্মকর্তা ও কর্মচারীরা। তাঁরা বলছেন, শরীফ উদ্দিন সৎ ও সাহসী কর্মকর্তা হিসেবে পরিচিত ছিলেন। শরীফ উদ্দিনকে চাকরিচ্যুত করার প্রতিবাদে সারা দেশে তাঁর সমকর্মীরা প্রতিবাদ করছেন।

সূত্র: প্রথম আলো
E/N

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন