POPULAR BD NEWS
Popular BD News Logo

মিয়ানমারের বাহিনীর গুলি, বাংলাদেশি জেলে নিখোঁজ

পপুলার বিডিনিউজ ডেস্ক | প্রকাশিত: ফেব্রুয়ারি ১০, ২০২২ | সময়: ৫:০১ অপরাহ্ণ

কক্সবাজার সীমান্তসংলগ্ন নাফ নদীতে মাছ ধরার সময় মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনীর (বিজিপি) গুলির পর বাংলাদেশি এক জেলের খোঁজ পাওয়া যাচ্ছে না।  বুধবার সকালের দিকে টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের লম্বাবিল এলাকায় নাফ নদীতে এ ঘটনা ঘটে।

জেলে নিখোঁজের তথ্য প্নিশ্চিত করেছেন টেকনাফ-২ বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শেখ খালিদ মোহাম্মদ ইফতেখার। তিনি জানান, ঘটনার পর নদী সাঁতরে গুরা মিয়া (৩৫) নামের এক জেলে অক্ষত অবস্থায় ফিরে এলেও মোহাম্মদ ইলিয়াছ (৫০) নামের আরেক জেলে নিখোঁজ। এই দুই জেলে টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের বাসিন্দা।

গুরা মিয়া বলেন, নাফ নদীতে মাছ ধরার সময় তাঁদের দুজনের দিকে গুলি ছোড়া হয়। এ সময় দুজনই নৌকা থেকে পানিতে লাফ দেন। তিনি সাঁতরে টেকনাফে চলে যেতে পারলেও মোহাম্মদ ইলিয়াছ এখনো নিখোঁজ।

বিজিবির অধিনায়ক শেখ খালিদ মোহাম্মদ ইফতেখার বলেন, এই দুই জেলে কাল সকালে নাফ নদীর টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের লম্বাবিল এলাকার জলসীমার শূন্যরেখা অতিক্রম করে মিয়ানমারের অন্তত ১০০ গজ ভেতরে ঢুকে মাছ ধরছিলেন। একপর্যায়ে মিয়ানমারের বিজিপি সদস্যরা তাঁদের থামার জন্য নির্দেশ দিলে তাঁরা বাংলাদেশের জলসীমার দিকে পালিয়ে আসার চেষ্টা করেন। এতে দুই জেলেকে লক্ষ্য করে বিজিপি গুলি ছোড়ে। তখন জেলেরা নৌকা থেকে লাফ দেন। গুরা মিয়া অক্ষত অবস্থায় ফিরে এলেও আরেকজন এখনো নিখোঁজ।

সূত্র: প্রথম আলো

E/N

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন