দেশে করোনায় মৃতদের মধ্যে অমিক্রন ধরনে আক্রান্ত হয়ে কতজনের মৃত্যু হয়েছে, তা বলা দুরূহ বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (রোগনিয়ন্ত্রণ) মো. নাজমুল ইসলাম। তিনি আজ বুধবার কোভিড-১৯ পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের ভার্চ্যুয়াল স্বাস্থ্য বুলেটিনে এ কথা বলেন। তবে বিষয়টি নিয়ে সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানসহ (আইইডিসিআর) একাধিক প্রতিষ্ঠান কাজ করছে বলেও জানান তিনি।
গত ৯ ডিসেম্বর দেশে প্রথম করোনার অমিক্রন ধরনের সংক্রমণ শনাক্তের খবর জানা যায়। এ ধরনে আক্রান্ত ব্যক্তিরা ছিলেন জিম্বাবুয়েফেরত বাংলাদেশ নারী ক্রিকেট দলের দুই সদস্য। তাঁরা সবাই সুস্থ হয়ে পরে বাড়িতে ফেরেন।
দেশে করোনার সংক্রমণ পরিস্থিতি প্রায় সাড়ে তিন মাস নিয়ন্ত্রণে থাকার পর গত ডিসেম্বরের শেষ দিকে রোগী বাড়তে শুরু করে। ৬ জানুয়ারি দৈনিক রোগী শনাক্ত হাজার ছাড়ায়। এর দুই সপ্তাহের মাথায় ২০ জানুয়ারি দৈনিক শনাক্তের সংখ্যা ১০ হাজার ছাড়িয়ে যায়। ৩ ফেব্রুয়ারি পর্যন্ত তা ১০ হাজারের ওপরে ছিল। পরে অবশ্য এ হার ১০ হাজারের নিচে নেমে এসেছে। সংক্রমণের হার একটু নিম্নগামী হলেও বাড়ছে মৃত্যু। গতকাল দেশে ৪৩ জনের মৃত্যু হয় করোনায়।
সূত্র: প্রথম আলো
E/N