চট্টগ্রামের বাঁশখালীতে আগুনে পুড়ে দুই ভাই–বোনের মৃত্যু হয়েছে। গতকাল সোমবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার সরল ইউনিয়নের পশ্চিম কাহারঘোনায় এ ঘটনা ঘটে।
দুই ভাই–বোন হলো মোহাম্মদ মিনহাজ (১২) ও তার আড়াই বছর বয়সী বোন রুহি মনি। তারা মোহাম্মদ ইদ্রিসের সন্তান।
স্থানীয় লোকজন জানান, কাল রাত সাড়ে ১০টার দিকে মোহাম্মদ ইদ্রিসের বসতঘরে আগুন লাগে। এ সময় পরিবারের অন্য সদস্যরা বের হতে পারলেও ঘুমিয়ে থাকায় বের হতে পারেনি ইদ্রিসের দুই সন্তান। দুজনই পুড়ে অঙ্গার হয়ে যায়। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের লোকজন ঘটনাস্থলে আসার আগেই আগুনে পুড়ে যায় ইদ্রিসের ঘরটি।
বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল উদ্দিন বলেন, আগুনে দুই শিশুর মৃত্যুর ঘটনায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। ফায়ার সার্ভিসের বরাত দিয়ে তিনি বলেন, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত।
সূত্র: প্রথম আলো
E/N