কাজের উদ্দেশ্যে যারা বিদেশ যেতে চান তাদের ভোগান্তি কমাতে কড়া নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তারা যাতে ঝামেলামুক্তভাবে বিদেশে যেতে পারেন তা নিশ্চিত করতে প্রয়োজনীয় সব ধরনের উদ্যোগ নিতে বলেছেন তিনি। দেশের অর্থনৈতিক অঞ্চলগুলোতে দক্ষ শ্রমিক প্রয়োজন রয়েছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, অনেক জায়গায় শ্রমিক পাওয়া যাচ্ছে না। সংশ্লিষ্টরা যেন এসব বিষয় ব্যাপক প্রচার করে দেশের মানুষকে জানান। আর কেউ যাতে জমি-জমা বিক্রি করে বিদেশ না যান সে বিষয়েও সবাইকে সতর্ক করতে হবে।
সোমবার মন্ত্রিসভার সাপ্তাহিক বৈঠকে অনির্ধারিত আলোচনায় এসব নির্দেশনা দেন তিনি। প্রধানমন্ত্রী গণভবন থেকে ভার্চুয়ালি বৈঠকে যোগ দেন। সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের মন্ত্রিসভা কক্ষে সংশ্লিষ্ট মন্ত্রীরা উপস্থিত ছিলেন। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান।
তিনি বলেন, বিদেশে শ্রমিক নিয়োগের বিষয়ে বৈঠকে বিস্তারিত আলোচনা হয়েছে। কোনোভাবেই বিদেশগামী শ্রমিকরা যেন ভোগান্তির শিকার না হন তা নিশ্চিত করতে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। এ ক্ষেত্রে দুপক্ষ অর্থাৎ প্রবাসীকল্যাণ মন্ত্রণালয় এবং যারা বিদেশ যাবেন তাদের সবাই যেন সঠিক নিয়ম-কানুন মানেন তা নিশ্চিত করার ওপর জোর দিয়েছেন তিনি।
সূত্র:যুগান্তর
E/N