POPULAR BD NEWS
Popular BD News Logo

মায়ের কোলে ফিরল বিক্রয় হওয়া নবজাতক

কামরুজ্জামান হারুন | প্রকাশিত: ফেব্রুয়ারি ৪, ২০২২ | সময়: ৪:০১ অপরাহ্ণ

চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় বিক্রি হয়ে যাওয়া শিশুটিকে উদ্ধার করে তার প্রকৃত মায়ের কাছে হস্তান্তর করলো উপজেলা প্রশাসন।

শিশু উদ্ধারে সার্বিকভাবে তত্ত্বাবধান করেন উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) গাজী শরিফুল হাসান।
মা তার সন্তানকে পেয়ে প্রথমে হাউমাউ করে কেঁদে উঠে। আনন্দে সে তার সন্তানকে আদর করতে থাকে।

৩ ফেব্রুয়ারী বৃহস্পতিবার বিকেল থেকে রাত অবধি সহকারী কমিশনার (ভূমি) হেদায়েত উল্লাহ ও মতলব উত্তর থানা পুলিশের যৌথ অভিযানে শিশুটিকে উদ্ধার করা হয়।

সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ হেদায়েত উল্লাহ বলেন, উপজেলা প্রশাসনের তৎপরতায় উপজেলার ষাটনল ইউনিয়ন হতে জনৈক শীমলা আক্তারের কাছ থেকে শিশুটিকে উদ্ধার করে তার মায়ের কাছে হস্তান্তর করা হয়। এ সময় উভয় পক্ষকে জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা পারস্পারিক সিদ্ধান্তের মাধ্যমে সরল বিশ্বাসে উক্ত ঘটনাটি ঘটিয়েছেন। বর্তমানে তারা উভয়পক্ষ আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে উপজেলা প্রশাসনের সহযোগিতায় মুচলেকা প্রদানের মাধ্যমে শিশুটিকে তার প্রকৃত মায়ের কাছে হস্তান্তর করে।

এ সময় উপজেলা নির্বাহী অফিসার গাজী শরিফুল হাসান তার ব্যক্তিগত পক্ষ থেকে শিশুর মায়ের কাছে নগদ ৫ হাজার টাকা তুলে দেন।

এসময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ হেদায়েত উল্লাহ, মতলব উত্তর থানা পুলিশের সদস্যগণ ও স্থানীয় জনসাধারণ।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) গাজী শরিফুল হাসান জানান, শিশু উদ্ধার এর ক্ষেত্রে জনসাধারণের স্বতস্ফূর্ত সহযোগিতা পাওয়া গেছে। শিশুটি উদ্ধার করে তার মায়ের কোলে ফিরিয়ে দিতে পেরে আমরাও আনন্দিত।

উল্লেখ্য,মতলব উত্তরের কলাকান্দা ইউনিয়নের হানিরপাড় গ্রামের দিনমজুর মো. আলমের স্ত্রী তামান্না বেগমের প্রসবব্যথা উঠলে স্থানীয় চিকিৎসকের পরামর্শে ২৬ জানুয়ারী ছেংগারচর পালস্ এইড হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে সিজারিয়ান অপারেশনে পুত্রসন্তান জন্ম দেন তামান্না। ২৮ জানুয়ারী পর্যন্ত হাসপাতালে ভর্তি থাকেন তিনি। রিলিজের সময় ক্লিনিকের বিল আসে ২৬ হাজার টাকা।

ওই টাকা পরিশোধ করার সামর্থ্য ছিল না তামান্না বেগমের। এ অবস্থায় ছেংগারচর বাজারের কাউসার নামে এক ব্যবসায়ীর মাধ্যমে এক নিঃসন্তান দম্পতির কাছে বিক্রি করে হাসপাতালের বিল পরিশোধ করেন। কিন্তু সন্তান বিক্রির পর মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েন মা। অসুস্থ অবস্থায় বিছানায় পড়ে প্রতিদিন কাঁদছিলেন ওই মা।

এ ব্যাপারে সামাজিক যোগাযোগ মাধ্যম, বিভিন্ন জাতীয় দৈনিক ও ইলেকট্রনিক মিডিয়ায় খবর প্রচারিত হলে প্রশাসনের নজরে আসে। ফলে মতলব উত্তর উপজেলা প্রশাসন বিক্রি হয়ে যাওয়া শিশু সন্তান কে উদ্ধার করে মায়ের কোলে ফিরে দিলেন।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন