POPULAR BD NEWS
Popular BD News Logo

সপ্তাহের শুরুতে বৃষ্টির সম্ভাবনা, বাড়তে পারে শীত

পপুলার বিডিনিউজ ডেস্ক | প্রকাশিত: জানুয়ারি ২১, ২০২২ | সময়: ২:০১ অপরাহ্ণ

দিনাজপুরের হাকিমপুরে গত দুদিন ধরে তাপমাত্রা অপরিবর্তিত রয়েছে। শুক্রবার ভোর থেকে ঘন কুয়াশার চাদরে ঢেকে থাকলেও সকাল ১০টার দিকে রোদের দেখা মিলেছে।

বৃহস্পতিবার সারাদিন সূর্যের দেখা মেলেনি। শুক্রবার সকালে সূর্য ওঠার কারণে জনজীবনে নেমে এসেছে স্বস্তি। কাজে ফিরছেন মানুষ।

দিনাজপুর আবহাওয়া অফিসের ইনচার্জ তোফাজ্জল হোসেন জানান, শুক্রবার দিনাজপুরে সকাল ৬টায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১০.৭ ডিগ্রি সেলসিয়াস, বাতাসের আর্দ্রতা ছিল ৯৬ শতাংশ, বাতাসের গতিবেগ ঘণ্টায় ৪-৫ কিলোমিটার। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে এটি উত্তর বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৭-৯ কিলোমিটার গতিতে বাতাস প্রবাহিত হতে পারে।

তিনি আরও জানান, মৃদু শৈত্যপ্রবাহ দুরীভূত হয়েছে। আগামী দুদিন তাপমাত্রা কিছুটা বৃদ্ধি পেতে পারে।

তবে আগামী সপ্তাহের ২৩ ও ২৪ জানুয়ারি দেশের কিছু কিছু স্থানে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেই সময় শীতের মাত্রা আবারও কিছুটা বৃদ্ধি পেতে পারে বলে তিনি জানান।

সূত্র: যুগান্তর
E/N

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন