সুন্দরবনে পর্যটকবাহী নৌযান চলাচলে নিষেধাজ্ঞা আরোপ করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)। বুধবার সন্ধ্যায় খুলনা নদীবন্দরের বন্দর ও পরিবহন বিভাগের উপপরিচালক মো. আবদুর রাজ্জাক স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে নিষেধাজ্ঞার ঘোষণা দেওয়া হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, করোনাভাইরাসের নতুন ধরন অমিক্রনের সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় খুলনা থেকে সুন্দরবন ভ্রমণ, শিক্ষাসফর, বনভোজন, নৌভ্রমণ ও নৌবিহারে পর্যটকবাহী নৌযান ও লঞ্চগুলো চলাচল সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হলো। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই নিষেধাজ্ঞা বলবৎ থাকবে।
আবদুর রাজ্জাক প্রথম আলোকে বলেন, ১০ জানুয়ারি অনুষ্ঠিত মন্ত্রিপরিষদ বিভাগের সিদ্ধান্ত অনুযায়ী বিআইডব্লিউটিএর প্রধান কার্যালয়ের নির্দেশে এ নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই নিষেধাজ্ঞা কার্যকর থাকবে।
তবে বিআইডব্লিউটিএর হঠাৎ এমন সিদ্ধান্তে স্থানীয় ট্যুর অপারেটররা বিপাকে পড়েছেন। ভ্রমণের মৌসুমে এই নিষেধাজ্ঞার কারণে তাঁরা আর্থিক ক্ষতির আশঙ্কা করছেন। ট্যুর অপারেটররা বলছেন, তাঁদের সঙ্গে আলোচনা না করেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এখনো কোনো পর্যটনকেন্দ্র বন্ধ ঘোষণা করা হয়নি। কিছু কিছু ক্ষেত্রে যাত্রী সীমিত করে স্বাস্থ্যবিধি মেনে চলার নির্দেশ দেওয়া হয়েছে। কিন্তু সেগুলো না করে সরাসরি সুন্দরবনের পর্যটকবাহী নৌযান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে।
সূত্র: প্রথম আলো
E/N