POPULAR BD NEWS
Popular BD News Logo

কিডনি কেনাবেচা চক্রের মূলহোতাসহ নয় সদস্য আটক

পপুলার বিডিনিউজ ডেস্ক | প্রকাশিত: জানুয়ারি ১৩, ২০২২ | সময়: ২:১৬ অপরাহ্ণ

জেলার কালাই উপজেলার বিভিন্ন এলাকায় আকস্মিক অভিযান চালিয়ে মানবদেহের কিডনি কেনাবেচা চক্রের মূলহোতা খাজা ময়েন উদ্দিনসহ নয় সদস্যকে আটক করেছে র‌্যাব।

মঙ্গলবার রাতে কালাই উপজেলার জয়পুর বহুতি, বৈরাগীহাট ও মোসলেমগঞ্জ গ্রাম থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন কালাই উপজেলার খাজা ময়েন উদ্দিন, আজাদুল ইসলাম, আব্দুল করিম ফোরকান আলী, আফসার মণ্ডল, নুরুল ইসলাম, বাবলু ফকির, সাজেদুল ফকির, দুই সহোদর সোবহান মণ্ডল ও মোজাহিদুল মণ্ডল।

বুধবার বেলা সাড়ে ১১টায় র‌্যাব-৫ জয়পুরহাট ক্যাম্পে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের এসব তথ্য জানান র‌্যাব-৫ এর অধিনায়ক লে. কর্নেল জিয়াউর রহমান তালুকদার। এ সময় সেখানে র‌্যাব-জয়পুরহাট ক্যাম্পের অধিনায়ক কোম্পানি অধিনায়ক লে. কমান্ডার তৌকির এবং অতিরিক্ত পুলিশ সুপার জাহিদ উপস্থিত ছিলেন।

প্রেস ব্রিফিংয়ে র‌্যাব-৫ এর অধিনায়ক লে. কর্নেল জিয়াউর রহমান তালুকদার জানান, এ কিডনি বেচাকেনা কাজে জড়িত সংঘবদ্ধ চক্রটি বিভিন্ন দলে বিভক্ত হয়ে আর্থিক অনটনে জর্জরিত মানুষদের টার্গেট করে। অর্থের প্রলোভন দিয়ে তারা সুকৌশলে, কখনো গোপনে তাদের দেহ থেকে অস্ত্রোপচারের মাধ্যমে কিডনি সংগ্রহ করে। কিন্তু কিডনি নেওয়ার পর চুক্তি মোতাবেক বিক্রেতাদের পাওনা পরিশোধ করে না। পাওনা টাকা চাইলে তাদের প্রাণনাশের হুমকিসহ আইনের ভয়ভীতি দেখায়। এভাবে জেলার কালাই উপজেলার বিভিন্ন এলাকায় কিডনি বিক্রেতারা দালাল চক্রের দ্বারা প্রতারিত হচ্ছেন।

সূত্র: যুগান্তর
E/N

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন