সারা বিশ্বের মতো বাংলাদেশেও বাড়ছে করোনার সংক্রমণ। এ অবস্থায় আসছে ফেব্রুয়ারিতে অমর একুশে বইমেলা ২০২২ অনুষ্ঠিত হবে কিনা, তা নিয়ে সংশয় দেখা দিয়েছে। এ নিয়ে মঙ্গলবার বাংলা একাডেমিতে কার্যনির্বাহী পরিষদের সভা অনুষ্ঠিত হয়েছে। সেই সভায় এ বিষয়ে সরকারের সিদ্ধান্ত চেয়ে চিঠি দেওয়ার কথা বলা হয়েছে।
বাংলা একাডেমির মহাপরিচালক কবি মুহম্মদ নূরুল হুদা যুগান্তরকে বলেন, সভায় সিদ্ধান্ত এসেছে অমর একুশে বইমেলা ২০২২ এর আয়োজনের বিষয়ে সরকারের কাছে সিদ্ধান্ত চাওয়া হবে। সে অনুযায়ী আজকেই (মঙ্গলবার) সেই চিঠি দেওয়া হয়েছে। সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের মাধ্যমে আমরা বইমেলার আয়োজন বিষয়ে সরকারের সিদ্ধান্ত চেয়েছি। সরকার যে সিদ্ধান্ত দেবে আমরা সে অনুযায়ী ব্যবস্থা নেব। মঙ্গলবারের সভায় সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব অসীম কুমার দে, অর্থ মন্ত্রণালয়ের একজন প্রতিনিধি, অধ্যাপক ড. মোহাম্মদ কায়কোবাদ, অধ্যাপক ড. বিশ্বজিৎ ঘোষ, অধ্যাপক কাজল বন্দ্যোপাধ্যায়, বাংলা একাডেমির মহাপরিচালক কবি মুহম্মদ নূরুল হুদা ও বাংলা একাডেমির সচিব এএইচএম লোকমান উপস্থিত ছিলেন।
সূত্র: যুগান্তর
E/N