ভারতে করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রনের প্রভাবে সংক্রমণ বেড়েই চলেছে। দেশটিতে রোববার দৈনিক সংক্রমণ দেড় লাখ ছাড়িয়ে গেছে। এর মধ্যে ওমিক্রনে আক্রান্ত পাঁচ শতাধিক। এছাড়া ভারতে সংসদের চার শতাধিক কর্মীর করোনা শনাক্ত হয়েছে। চীনের তিয়ানজিন শহরে দুইজনের ওমিক্রন শনাক্ত হওয়ায় শহরটিতে গণপরীক্ষা শুরু করেছে দেশটির সরকার। ফ্রান্স, জার্মানি, অস্ট্রিয়া ও ইতালিসহ ইউরোপের অনেক দেশে করোনা টিকাবিরোধী বিক্ষোভ করছেন হাজার হাজার মানুষ। তারা বলছেন, সরকার টিকা না নেওয়াদের অধিকার খর্ব করতে চায়। খবর বিবিসি, এএফপি ও রয়টার্সসহ বিভিন্ন সংবাদমাধ্যমের।
ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রতিবেদন অনুযায়ী, ২৪ ঘণ্টায় (শনিবার সকাল ৮টা থেকে রোববার সকাল ৮টা পর্যন্ত) ভারতে করোনায় আক্রান্ত হয়েছেন ১ লাখ ৫৯ হাজার ৬৩২ জন। এর মধ্যে ৫৫২ জন ওমিক্রনে আক্রান্ত। এ নিয়ে দেশটিতে ওমিক্রনে আক্রান্ত রোগীর সংখ্যা তিন হাজার ৬২৩ জন। ভারতের মহারাষ্ট্রে করোনা আক্রান্তের সংখ্যা সবচেয়ে বেশি। ২৪ ঘণ্টায় সেখানে করোনা শনাক্ত হয়েছে ৪১ হাজারের বেশি। এর মধ্যে মুম্বাইয়েই আক্রান্ত হয়েছেন ২০ হাজার ৩১৮ জন। তারপরেই রয়েছে রাজধানী দিল্লির অবস্থান। এদিন সেখানে ২০ হাজার ১৮১ জনের করোনা শনাক্ত হয়েছে, যা গত বছরের মে মাসের পর দৈনিক শনাক্ত হিসাবে সর্বোচ্চ। ভারতীয় সংসদের চার শতাধিক কর্মী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। কর্তৃপক্ষ জানিয়েছে, সংসদে মোট ১ হাজার ৪০৯ জনের কোভিড পরীক্ষা করানো হয়। এর মধ্যে ৪০২ জনের রিপোর্ট পজিটিভ এসেছে। ৪ থেকে ৮ জানুয়ারির মধ্যে ওই পরীক্ষার রিপোর্ট আসে। তারা ওমিক্রনে সংক্রমিত কি না, তা জানতে তাদের নমুনা পুনরায় পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।
সূত্র: যুগান্তর
E/N