POPULAR BD NEWS
Popular BD News Logo

বিশ্বজুড়ে করোনা শনাক্তের সব রেকর্ড ভঙ্গ!

পপুলার বিডিনিউজ ডেস্ক | প্রকাশিত: ডিসেম্বর ৩০, ২০২১ | সময়: ১০:৫১ অপরাহ্ণ

বিশ্বজুড়ে প্রাণঘাতী করোনাভাইরাস (কোভিড-১৯) শনাক্তের সর্বকালের রেকর্ড ভঙ্গ হয়েছে। এই প্রথম ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ১৫ লাখ ৯৪ হাজার ৯৯৬ জন। বিশ্বে একদিনে এটাই সর্বোচ্চ শনাক্তের রেকর্ড। বিভিন্ন দেশে করোনা সংক্রমণ ও মৃত্যু বেড়েই চলেছে।

বিশ্বব্যাপী করোনার পরিসংখ্যান রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, যুক্তরাষ্ট্রের সময় বুধাবার (২৯ ডিসেম্বর) এবং বাংলাদেশ সময় বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) সকাল সাড়ে ৮টা পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টায় বিশ্বে মারা গেছেন আরও ৭ হাজার ৫৫ জন। সুস্থ হয়েছেন ৫ লাখ ৯৮ হাজার ১০১ জন।

বিভিন্ন গণমাধ্যমের তথ্য অনুযায়ী, ২০১৯ সালে করোনাভাইরাস প্রথম শনাক্ত হওয়ার পর থেকে রোগী শনাক্তের রেকর্ড এটা। প্রতিটি দেশের স্বাস্থ্য কর্তৃপক্ষ দৈনিক করোনা শনাক্তের যে তথ্য দেয়, তার ভিত্তিতে এ পরিসংখ্যান বের করা হয়েছে। মহামারির শুরু থেকে এখন পর্যন্ত ভাইরাসটিতে আক্রান্ত মোট রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৮ কোটি ৪৮ লাখ ৭২ হাজার ৬৪১ জনে। বিশ্বজুড়ে মৃতের সংখ্যা পৌঁছেছে ৫৪ লাখ ৩৮ হাজার ৩০৬ জন।

বিশ্বজুড়ে সাত দিনে করোনাভাইরাস শনাক্তের রেকর্ড হয়েছে। ২২ থেকে ২৮ ডিসেম্বর পর্যন্ত প্রতিদিন গড়ে ৯ লাখ ৩৫ হাজার মানুষের করোনা সংক্রমণ শনাক্ত হয়েছে।

২২ থেকে ২৮ ডিসেম্বর পর্যন্ত ৬৫ লাখ ৫০ হাজার মানুষের করোনা শনাক্ত হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, রোগী শনাক্তের সংখ্যা থেকে বোঝা যায়, এটি অনেক দ্রুত ছড়াচ্ছে। এর আগের সপ্তাহের তুলনায় এ সপ্তাহে শনাক্ত ৩৭ শতাংশ বেড়েছে। এর আগে করোনা শনাক্তের রেকর্ড হয়েছিল ২৩ এপ্রিল থেকে ২৯ এপ্রিলের মধ্যে। ওই সময়ে এক সপ্তাহে দৈনিক গড়ে ৮ লাখ ১৭ হাজার করোনা রোগী শনাক্ত হয়েছিল।

সূত্র: যুগান্তর
E/N

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন