POPULAR BD NEWS
Popular BD News Logo

ট্রেনের ধাক্কায় বাসের শিশুসহ তিনজনের মর্মান্তিক মৃত্যু, আহত ৮

পপুলার বিডিনিউজ ডেস্ক | প্রকাশিত: ডিসেম্বর ২৮, ২০২১ | সময়: ৩:২১ পূর্বাহ্ণ

নারায়ণগঞ্জ শহরের ১নং লেভেল ক্রসিংয়ে বাসের সঙ্গে ট্রেনের ধাক্কায় শিশুসহ তিনজনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় কমপক্ষে ৮ জন আহত হয়েছেন। এদের মধ্যে চারজনের অবস্থা গুরুতর। জানা গেছে, গত রোববার সন্ধ্যায় ঢাকা থেকে আসা একটি দ্রুতগামী ট্রেন যানজটের কারণে রেললাইনের ওপর আটকে থাকা যাত্রীবাহী বাসকে ধাক্কা দেওয়ায় এ দুর্ঘটনা ঘটে।

রেলক্রসিংগুলোয় ৯৫ শতাংশ দুর্ঘটনার জন্য দায়ী সেখানে কোনো প্রহরী না থাকা-এ কথা যেমন সত্য; তেমনি পথচারী বা বাস-ট্রাকসহ বিভিন্ন যানবাহনের চালকরাও এর দায় এড়াতে পারেন না। সাধারণত দুই কারণে রেলপথে সবচেয়ে বেশি মানুষ মারা যায়-রেলক্রসিংয়ে দুর্ঘটনায় এবং ট্রেনের নিচে কাটা পড়ে। ট্রেনের নিচে কাটা পড়লে রেল কর্তৃপক্ষ কোনো দায় নেয় না; উলটো মৃত ব্যক্তির বিরুদ্ধে মামলা করা হয়। অন্যদিকে, রেলক্রসিংয়ে দুর্ঘটনার ক্ষেত্রে দায় এড়ানোর চেষ্টা করা হয়।
রেলওয়ের হিসাবমতে, সারা দেশে রেলক্রসিংয়ের সংখ্যা ২ হাজার ৫৪১। এসব রেলক্রসিংয়ে গত কয়েক বছরে অন্তত হাজারখানেক দুর্ঘটনা ঘটেছে এবং এতে আহত-নিহতের সংখ্যাও প্রচুর। দেশের অসংখ্য অরক্ষিত রেলক্রসিংয়ে নামকাওয়াস্তে একটি নোটিশ টাঙিয়ে দায়িত্ব শেষ করেছে রেল বিভাগ। এটি অগ্রহণযোগ্য। অবৈধ রেলক্রসিংয়ের পাশাপাশি বৈধগুলোতেও প্রায়ই দুর্ঘটনা ঘটছে। দুর্ঘটনা রোধে ও ক্ষয়ক্ষতি এড়াতে রেলক্রসিংগুলো অবশ্যই সুরক্ষিত করতে হবে।

নারায়ণগঞ্জ শহরের লেভেল ক্রসিংয়ে দুর্ঘটনার জন্য যানজট ও ভাঙা লোহার বার বা ব্যারিয়ারকে দায়ী করেছেন অনেকে। অভিযোগ রয়েছে, এখানে রেল ক্রসিংয়ের একপাশের লোহার বার বা ব্যারিয়ারটি দীর্ঘদিন ধরে ভাঙা থাকলেও এটি সংস্কারের বা নতুন করে স্থাপনের কোনো উদ্যোগ নেওয়া হয়নি। নারায়ণগঞ্জ শহরজুড়ে যানজটের কারণে প্রায় সময়ই রেললাইনের ওপর নানা ধরনের যানবাহন আটকে থাকতে দেখা যায়। এ অবস্থায় এ দিকটায় কর্তৃপক্ষের দৃষ্টি দেওয়া জরুরি ছিল। কিন্তু তারা এক্ষেত্রে উদাসীন থেকেছেন বলেই সেখানে হতাহতের ঘটনা ঘটেছে, যা মেনে নেওয়া কষ্টকর।

সূত্র: যুগান্তর
E/N

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন