সিলেটে পুলিশি হেফাজতে রায়হান আহমদ (৩৪) হত্যা মামলার অভিযোগপত্রভুক্ত একমাত্র পলাতক আসামি আবদুল্লাহ আল নোমানের গ্রেপ্তারে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দিয়েছেন আদালত।
আজ বুধবার দুপুরে সিলেটের চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো. আমিরুল ইসলাম এ আদেশ দেন।
আদালত সূত্রে জানা গেছে, আজ মামলার শুনানির তারিখ নির্ধারিত ছিল। শুনানিতে সিলেটের কোম্পানীগঞ্জ থানা পুলিশ নোমানের মালামাল না পাওয়ার বিষয় জানিয়ে প্রতিবেদন দাখিল করেন। এ সময় আদালতের বিচারক পলাতক আসামি নোমানের গ্রেপ্তারে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দেন।
বিষয়টি নিশ্চিত করে বাদীপক্ষের আইনজীবী ব্যারিস্টার এম এ ফজল চৌধুরী বলেন, ‘শুনানিতে আদালত পত্রিকায় বিজ্ঞপ্তি ছাপানোর নির্দেশ দিয়েছেন। আদালতের বিচারক নির্দেশনা দিয়েছেন কমপক্ষে দুটি পত্রিকায় নোমানের বিষয়ে বিজ্ঞপ্তি ছাপাতে। বিজ্ঞপ্তির মাধ্যমে তাঁকে অবহিত করা হবে যে তিনি আদালতে হাজির না হলে তাঁর অনুপস্থিতিতে বিচারকার্য শুরু হবে।’
এর আগে ৫ ডিসেম্বর নোমানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ও মালামাল ক্রোকের পরোয়ানার বিষয়ে শুনানির তারিখ ছিল। তবে ওই দিন পুলিশ পরোয়ানা তামিল এবং এ ব্যাপারে প্রতিবেদন দাখিল না করায় শুনানি পিছিয়ে ২২ ডিসেম্বর নির্ধারণ করেছিলেন আদালতের বিচারক।
সূত্র: প্রথম আলো
E/N