দেশে পরীক্ষামূলকভাবে চালু হলো ফাইভজি সেবা। ডিজিটাল রূপান্তরের যাত্রা ত্বরান্বিত করতে ও দেশের সব গ্রাহক যেন পঞ্চম প্রজন্মের (ফাইভজি) মোবাইল প্রযুক্তির অত্যাধুনিক সুবিধা উপভোগ করতে পারে, সে জন্য ঐতিহাসিক পদক্ষেপ হিসাবে এ সেবা চালু করেছে রাষ্ট্রীয় টেলিকম অপারেটর টেলিটক বাংলাদেশ। ১২ ডিসেম্বর রোববার রাতে রাজধানীর একটি হোটেলে ‘নিউ ইরা উইথ ফাইভজি’ শীর্ষক এক অনুষ্ঠানের মাধ্যমে পরীক্ষামূলকভাবে এ সেবার উদ্বোধন করেন প্রধানমন্ত্রীর আইসিটিবিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে সজীব ওয়াজেদ জয় ভার্চুয়ালি যুক্ত হয়ে পরীক্ষামূলক ফাইভজি সেবার উন্মোচন করেন। নতুন ৫জি সেবা উদ্বোধন হওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও বার্তার মাধ্যমে শুভেচ্ছা জানান। এতে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার এবং ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি একেএম রহমতুল্লাহ্ এমপি।
প্রাথমিকভাবে হুয়াওয়ে ও নোকিয়ার সহযোগিতায় ছয়টি সাইটে ফাইভজি নেটওয়ার্ক স্থাপন করা হয়। সাইটগুলো যেসব এলাকায় স্থাপন করা হয়েছে সেগুলো হলো- বাংলাদেশ সচিবালয়, জাতীয় সংসদ ভবন এলাকা, প্রধানমন্ত্রীর কার্যালয়, বঙ্গবন্ধু স্মৃতিসৌধ, সাভার জাতীয় স্মৃতিসৌধ ও গোপালগঞ্জের টুঙ্গিপাড়া বঙ্গবন্ধুর সমাধিস্থল।
সূত্র: যুগান্তর
E/N