POPULAR BD NEWS
Popular BD News Logo

পরীমনির বিরুদ্ধে মাদক মামলায় অভিযোগ গঠনের শুনানি ২ জানুয়ারি

পপুলার বিডিনিউজ ডেস্ক | প্রকাশিত: ডিসেম্বর ১৪, ২০২১ | সময়: ১২:৩৭ অপরাহ্ণ

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় চিত্রনায়িকা পরীমনিসহ তিনজনের বিরুদ্ধে অভিযোগ গঠনের বিষয়ে শুনানির জন্য ২ জানুয়ারি তারিখ ঠিক করেছেন আদালত।

ঢাকার বিশেষ জজ আদালত-১০-এর বিচারক মোহাম্মদ নজরুল ইসলাম আজ মঙ্গলবার এ তারিখ ঠিক করেন। প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেছেন পরীমনির আইনজীবী নীলাঞ্জনা রিফাত।

নীলাঞ্জনা রিফাত বলেন, পরীমনিসহ তিনজনের বিরুদ্ধে করা মাদক মামলায় অভিযোগ গঠনের বিষয়ে শুনানির জন্য আজকের দিন ঠিক ছিল। কিন্তু পরীমনি অসুস্থ হয়ে পড়ায় তিনি আজ আদালতে হাজির হতে পারেননি। তাঁর পক্ষে সময় চেয়ে আবেদন করা হয়। আদালত এ আবেদন মঞ্জুর করেন। একই মামলায় অপর দুই আসামি আশরাফুল ইসলাম ও কবির হোসেন আজ আদালতে হাজির ছিলেন। তাঁদের জামিন আবেদন মঞ্জুর করেছেন আদালত। আদালত অভিযোগ গঠনের শুনানির নতুন তারিখ ঠিক করেছেন।

আইনজীবী নীলাঞ্জনা রিফাত বলেন, পরীমনি আদালতে আসার জন্য আজ বাসা থেকে বের হন। কিন্তু পথে তিনি অসুস্থ হয়ে পড়েন। তাই তিনি আজ আদালতে আসতে পারেননি। পরীমনি ভার্টিগো বা ঘূর্ণিরোগে আক্রান্ত।

সূত্র: প্রথম আলো
E/N

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন