POPULAR BD NEWS
Popular BD News Logo

মতলব রোটা ভাইরাসজনিত ডায়রিয়া রোগী আক্রান্ত ১ হাজার ৮০০

পপুলার বিডিনিউজ রিপোর্ট | প্রকাশিত: ডিসেম্বর ৯, ২০২১ | সময়: ২:৪৯ অপরাহ্ণ

চাঁদপুর ও এর আশপাশের বিভিন্ন জেলায় রোটা ভাইরাসজনিত ডায়রিয়ার প্রকোপ দেখা দিয়েছে। গত ১০ দিনে আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র বাংলাদেশের (আইসিডিডিআরবি) চাঁদপুরের মতলব হাসপাতালে ১ হাজার ৮০০ জন ডায়রিয়া আক্রান্ত রোগী ভর্তি হয়েছে। এর মধ্যে ৮৬ ভাগই শিশু।

গত ২৮ নভেম্বর থেকে গত মঙ্গলবার পর্যন্ত করা হিসাব অনুযায়ী, গত ১০ দিনে গড়ে ১৮০ জন করে রোগী হাসপাতালে ভর্তি হয়। এ সংখ্যা স্বাভাবিক সময়ের চেয়ে দ্বিগুণের বেশি। স্বাভাবিক সময়ে প্রতিদিন গড়ে ৮০ জন রোগী ভর্তি হয়।

আইসিডিডিআরবির মতলব হাসপাতালের কার্যালয় সূত্র জানায়, হাসপাতালে ভর্তি হওয়া রোগীদের মধ্যে ১ হাজার ৫৫২ জন শিশু। বয়স শূন্য থেকে ৫ বছরের মধ্যে। গতকাল বুধবার বেলা একটা পর্যন্ত আরও ১০০ জন হাসপাতালে ভর্তি হয়েছে। এর মধ্যে শিশু আছে ৮০ জন।

সূত্রটি আরও জানায়, ভর্তি হওয়া শিশুদের মধ্যে চাঁদপুর সদরের ৯৯, ফরিদগঞ্জ উপজেলার ৭০, হাজীগঞ্জের ৫৪, কচুয়ার ৭৫, মতলব উত্তরের ৫১, মতলব দক্ষিণের ৫৩ ও শাহরাস্তির ৪৫ জন আছে। কুমিল্লার বিভিন্ন উপজেলা থেকে এসেছে ৬৮৬ জন। এ ছাড়া লক্ষ্মীপুর সদর থেকে ১০২, রায়পুরের ৫৫, রামগঞ্জের ৪২ এবং নোয়াখালীর চাটখিল থেকে ২৩ জন রোগী এসেছে। বাকিরা ব্রাহ্মণবাড়িয়া, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ ও শরীয়তপুরের বাসিন্দা।

গতকাল দুপুর সাড়ে ১২টায় হাসপাতালে গিয়ে দেখা যায়, সেখানকার প্রতিটি ওয়ার্ড ডায়রিয়া রোগীতে ঠাসা। বারান্দায়ও চলছে ডায়রিয়া রোগীদের চিকিৎসা। রোগীদের সেবা দিতে গিয়ে হিমশিম খাচ্ছেন চিকিৎসক ও নার্সরা। লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার নওগাঁও গ্রামের স্বপ্না আক্তার বলেন, তাঁর ছয় মাসের মেয়ে হুমায়রা আক্তারকে গত সোমবার এখানে ভর্তি করিয়েছেন। চিকিৎসকেরা খাবার স্যালাইন ও বেবি জিংক ট্যাবলেট খেতে দিয়েছেন। তার অবস্থা উন্নতির দিকে।
E/N

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন