বিতর্কিত কর্মকাণ্ডের জেরে মন্ত্রিসভা থেকে পদত্যাগ করতে হচ্ছে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসানকে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে পদত্যাগের নির্দেশ দিয়েছেন। সেই নির্দেশের কথা ইতোমধ্যে তাকে জানিয়ে দিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
আজ মঙ্গলবারের মধ্যেই মুরাদ হাসানের পদত্যাগের কথা রয়েছে। বিতর্কিত অডিও-ভিডিও ফাঁসের ঘটনায় আলোচিত-সমালোচিত তথ্য প্রতিমন্ত্রী মুরাদ হাসান কখন পদত্যাগ করছেন সেদিকে দৃষ্টি সবার।
এদিকে মুরাদ হাসানের মোবাইল ফোন বন্ধ রয়েছে। এ কারণে তার সঙ্গে যোগাযোগও করা যাচ্ছে না। কখন পদত্যাগ করছেন সেই সময় এখনও নিশ্চিত হওয়া যাচ্ছে না।
আজ মুরাদকে পদ্যাগের নির্দেশ যে দেওয়া হয়েছে সেটি নিশ্চিত করেছেন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সোমবার রাতে রাজধানীর সরকারি বাসভবনে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, সন্ধ্যায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে এ বিষয়ে কথা হয়েছে।
ডা. মুরাদকে পদত্যাগের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমি রাত ৮টায় প্রতিমন্ত্রী মুরাদ হাসানকে বার্তাটি পৌঁছে দিই। আগামীকালের (আজ) মধ্যেই তাকে পদত্যাগ করতে বলা হয়েছে।
সূত্র: যুগান্তর
E/N