POPULAR BD NEWS
Popular BD News Logo

কচুয়ায় পুকুর থেকে রিক্সাচালক যুবকের মৃতদেহ উদ্ধার

পপুলার বিডিনিউজ রিপোর্ট | প্রকাশিত: ডিসেম্বর ৩, ২০২১ | সময়: ৫:২৬ অপরাহ্ণ

কচুয়ায় পুকুর থেকে রাসেল হোসেন (৩৫) নামে এক রিক্সাচালকের ভাসমান লাশ উদ্ধার করেছে থানা পুলিশ।

শুক্রবার সকাল ১০ টায় উপজেলার গোহট দক্ষিণ ইউনিয়নের চাপাতলী প্রধানীয়া বাড়ির পাশের পুকুর থেকে ওই রিক্সাচালক যুবকের লাশ ও তার রিক্সাটি উদ্ধার করা হয়।

নিহত রাসেল হোসেন পার্শ্ববর্তী হাজীগঞ্জ উপজেলার মৈশামুড়া গ্রামের মো. ইউসুফের ছেলে। সে দীর্ঘদিন যাবৎ তার স্ত্রীসহ কচুয়া উপজেলার বলরা গ্রামে ভাড়া থাকতো। তার শ্বশুর বাড়ি হচ্ছে উপজেলার কড়ইয়া ইউনিয়নের সাদিপুরা চাঁদপুর গ্রামে। ঘটনার দিন তার স্ত্রী শ্বশুরবাড়িতে ছিলো।

প্রত্যক্ষদর্শী রাসেল মজুমদার, রুবেল হোসেন ও আবু বকর জানান, শুক্রবার সকালে পুকুরে এক অজ্ঞাত ব্যক্তির লাশ ভাসতে দেখেন এলাকাবাসী। পুলিশকে খবর দিলে তারা এসে পুকুর থেকে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। পরে তার সন্ধান পাওয়া যায়। সে পেশায় একজন রিক্সাচালক। দীর্ঘদিন যাবৎ এ এলাকায় রিক্সা চালাতো তিনি। তাছাড়া তার মৃগী রোগ রয়েছে বলেও জানায় এলাকাবাসী।

ধারণা করা হচ্ছে, রিক্সা চালানো অবস্থায় হঠাৎ তার মৃগী রোগ দেখা দিলে রিক্সাসহ পুকুরে পরে মৃত্যু হয় তার।

কচুয়া থানার ওসি মো. মহিউদ্দিন জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পেলেই মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটন হবে। এ ব্যাপারে তদন্ত চলছে, তদন্ত শেষে মৃত্যুর রহস্য উদঘাটন করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন