POPULAR BD NEWS
Popular BD News Logo

নৌকা প্রতীক পেয়েও কেন মনোনয়ন জমা দেননি আওয়ামী লীগ নেতা

পপুলার বিডিনিউজ ডেস্ক | প্রকাশিত: নভেম্বর ২৮, ২০২১ | সময়: ৬:১১ অপরাহ্ণ

কুমিল্লার আদর্শ সদর উপজেলার পাঁচথুবী ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে বর্তমান চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি মো. ইকবাল হোসেন বাহালুল দলীয় সমর্থন (নৌকা প্রতীক) পেয়েও মনোনয়নপত্র জমা দেননি।  ফলে এই ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করা হাসান রফি বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হতে যাচ্ছেন।

দলীয় সূত্রে জানা গেছে, চতুর্থ ধাপে আগামী ২৩ ডিসেম্বর কুমিল্লার আদর্শ সদর উপজেলার পাঁচথুবী ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে। গত ২৭ অক্টোবর কুমিল্লা মহানগর আওয়ামী লীগ কার্যালয়ে দলীয় সদস্যদের নিয়ে প্রার্থী বাছাই ভোট হয়। এতে হাসান রফি রাজু ৩৮ ভোট ও ইকবাল হোসেন বাহালুল ৩৩ ভোট পান। এরপর তৃণমূল থেকে আওয়ামী লীগের কেন্দ্রীয় মনোনয়ন বোর্ডে দলীয় মনোনয়নের জন্য হাসান রফি রাজু, ইকবাল হোসেন বাহালুল ও পেয়ার আহমেদের নাম পাঠানো হয়। পরে দলের মনোনয়ন বোর্ড বর্তমান চেয়ারম্যান ইকবাল হোসেন বাহালুলকে দলীয় মনোনয়ন দেন। কিন্তু তিনি গত বৃহস্পতিবার মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিনেও মনোনয়নপত্র জমা দেননি।

দলের প্রতীক পাওয়া মো. ইকবাল হোসেন বাহালুল সাংবাদিকদের জানান, তিনি দলের কাছে মনোনয়ন চাননি, দলের মনোনয়ন বোর্ড তাকে মনোনয়ন দিয়েছে। স্থানীয় সাংগঠনিক শৃঙ্খলা অক্ষুণ্ণ রাখার স্বার্থে তিনি প্রার্থী হননি।

এদিকে মো. ইকবাল হোসেন বাহালুল মনোনয়নপত্র জমা না দেওয়ায় ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাসান রফি একমাত্র স্বতন্ত্র প্রার্থী।

নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা জাহিদ হোসেন জানান, পাঁচথুবী ইউনিয়নে চেয়ারম্যান পদে শুধু একজন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন।

সূত্র: দৈনিক ইওেফাক

E/N

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন