POPULAR BD NEWS
Popular BD News Logo

খালেদা জিয়ার স্বাস্থ্য পরিস্থিতি সন্ধ্যায় জানাবেন চিকিৎসকেরা

পপুলার বিডিনিউজ ডেস্ক | প্রকাশিত: নভেম্বর ২৮, ২০২১ | সময়: ৪:২৯ অপরাহ্ণ

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার স্বাস্থ্য পরিস্থিতি নিয়ে আজ রোববার সন্ধ্যায় জানাবেন তাঁর চিকিৎসকেরা। বিএনপির চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানান।

জিয়া অরফানেজ ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় সাজাপ্রাপ্ত খালেদা জিয়া সরকারের নির্বাহী আদেশে মুক্তি পাওয়ার পর রাজধানীর এভারকেয়ার হাসপাতালে একাধিকবার ভর্তি হন। সবশেষ ১৩ নভেম্বর এভারকেয়ার হাসপাতালে হৃদ্‌রোগ বিশেষজ্ঞ শাহাবুদ্দিন তালুকদারের অধীনে ভর্তি হন। সেখানে তাঁর চিকিৎসায় ছয় সদস্যের মেডিকেল বোর্ড গঠিত হয়েছে। তাঁর চিকিৎসায় রাজধানীর আরও কমপক্ষে দুটি বড় বেসরকারি হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক যুক্ত রয়েছেন। এ ছাড়া চিকিৎসক নেতা এ জেড এম জাহিদ হোসেন প্রায় সার্বক্ষণিকভাবে হাসপাতালে অবস্থান করছেন। কাল দুপুরেও নিউক্লিয়ার মেডিসিন বিভাগে তাঁর স্বাস্থ্য পরীক্ষা হয়েছে। গত বুধবার বিকেলেও কিছু পরীক্ষা হয়েছে।

গত মাসের শেষ সপ্তাহে খালেদা জিয়ার অসুস্থতা নতুন করে আলোচনায় আসে। গত ২৫ অক্টোবর এ জেড এম জাহিদ হোসেন সংবাদ সম্মেলনে বলেছিলেন, খালেদা জিয়ার শরীরে একটি ছোট আকারের লাম্প বা চাকা পাওয়া যাওয়ায় বায়োপসি করা হয়েছে।

এ ছাড়া খালেদা জিয়ার দীর্ঘস্থায়ী লিভারের সমস্যা আছে বলেও জানা গেছে। তাঁকে বিদেশে পাঠিয়ে চিকিৎসার ব্যবস্থা করার দাবি করে আসছেন বিএনপির নেতারা।

সূত্র: প্রথম আলো

E/N

 

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন