POPULAR BD NEWS
Popular BD News Logo

নৌকার বিরুদ্ধে সড়ক অবরোধে গ্রেফতার চার

পপুলার বিডিনিউজ রিপোর্ট | প্রকাশিত: নভেম্বর ২৬, ২০২১ | সময়: ১১:৫০ পূর্বাহ্ণ

শাহরাস্তি উপজেলার উয়ারুক বাজারে নৌকা প্রতীক না পেয়ে সড়ক অবরোধ ও বিক্ষোভের ঘটনায় পুলিশ বাদী হয়ে ১৪ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ৫০/৬০ জনকে আসামী করে দ্রুত বিচার আইনে মামলা দায়ের করেছে। বৃহস্পতিবার (২৫ নভেম্বর) সন্ধ্যায় শাহরাস্তি মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) জনি কান্তি দে বাদী হয়ে মামলাটি দায়ের করেন। যার নং নং-১৮/২৩৬, তারিখ- ২৫ নভেম্বর। এ মামলায় ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

মামলার এজহার সূত্রে জানা যায়, টামটা দক্ষিণ ইউনিয়নের চেয়ারম্যান মোঃ জহিরুল ইসলাম মানিক নৌকা প্রতীকের মনোনয়ন না পাওয়ায় তার ইন্ধনে ৫০/৬০ জন লোক কুমিল্লা-চাঁদপুর আঞ্চলিক মহাসড়কের উপর গাছের গুঁড়ি ফেলে টায়ারে আগুন জ্বেলে যান চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি ও জনমনে আতংক সৃষ্টি করে। এ মামলায় পুলিশ তাৎক্ষণিক ৪ জনকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হলো, ওয়ারুক গ্রামের মৃত হাবিব উল্লাহর পুত্র মোঃ হোসেন পাটোয়ারী (৪৫), একই গ্রামের মোঃ জসিম উদ্দিন পাটোয়ারীর পুত্র মেহেদী হাসান হৃদয় (২১), টামটা গ্রামের আঃ রশিদের পুত্র মোঃ সোহেল আহমেদ (২১), একই গ্রামের মোঃ জহিরুল হকের পুত্র মোঃ পারভেজ হোসেন (২০)।

শাহরাস্তি থানা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আবদুল মান্নান জানান, সড়কে বিশৃঙ্খলা, অগ্নিসংযোগ, যান চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি ও জনমনে আতংক সৃষ্টির অভিযোগে পুলিশ বাদী হয়ে মামলা করেছে। এ মামলায় ৪ জনকে গ্রেফতার করা হয়েছে।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন