POPULAR BD NEWS
Popular BD News Logo

বিএনপি যত পারে গালি দিক, কিছু করার নেই: আইনমন্ত্রী

পপুলার বিডিনিউজ ডেস্ক | প্রকাশিত: নভেম্বর ১৮, ২০২১ | সময়: ৪:৫৯ অপরাহ্ণ

চিকিৎসার জন্য দলের চেয়ারপারসন খালেদা জিয়াকে বিদেশে পাঠাতে বিএনপি যে আবেদন করছে সেই প্রশ্নে আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, আইনের শাসন যেখানে আছে, সেখানে তিনি যথেচ্ছ ব্যবহার করতে পারেন না।  বিএনপি যে দাবি করছে, তা আইনের বইয়ে নেই।

আইনমন্ত্রী বলেন, বিএনপি আমাকে যত খুশি গালি দিতে পারে।  তাতে আমার কিছু আসে–যায় না। আমি আইন মোতাবেক চলব।

বৃহস্পতিবার জাতীয় সংসদে পয়েন্ট অব অর্ডারে বিএনপির সংসদ সদস্য জি এম সিরাজের বক্তব্যের জবাবে তিনি এসব কথা বলেন।

এদিন পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে জি এম সিরাজ খালেদা জিয়াকে মানবিক দিক বিবেচনায় দু-এক দিনের মধ্যেই চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর দাবি জানান। এটি না হলে সংসদ থেকে পদত্যাগ করারও হুঁশিয়ারি দেন তিনি।

বিএনপির এই এমপি সংসদে বলেন, খালেদা জিয়াকে বিদেশ পাঠানো না হলে এবং অবস্থা চরম হলে দলীয় সিদ্ধান্তে বিএনপির পক্ষে এই সংসদে থাকা হয়তো সম্ভব হবে না। খালেদা জিয়ার কিছু হলে এর দায় আওয়ামী লীগকে নিতে হবে।

বিএনপির এই সংসদ সদস্য বলেন, দণ্ডিত হয়ে জামিন নিয়ে বিদেশে চিকিৎসা নেওয়ার নজির আছে। ১৯৭৯ সালে আ স ম আবদুর রব সাজাপ্রাপ্ত হওয়ার পরও চিকিৎসার জন্য জার্মানি গিয়েছিলেন। আওয়ামী লীগ নেতা নাসিম দুদকের মামলায় দণ্ডিত হয়েও ২০০৮ সালে চিকিৎসার জন্য সুযোগ পান।

জি এম সিরাজ বলেন, তিনবারের সাবেক প্রধানমন্ত্রীকে কেন বিদেশে যেতে দেওয়া হবে না? এটা তার মৌলিক অধিকার।

জি এম সিরাজের বক্তব্যের জবাবে আইনমন্ত্রী বলেন, আইনের অবস্থান অত্যন্ত পরিষ্কার। মানবিক কারণে খালেদা জিয়ার সাজা স্থগিত রেখে ছয় মাস পরে বাড়ানো হয়েছে।

সূত্র: যুগান্তর

E/N

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন