হাজীগঞ্জ উপজেলার ৮নং হাটিলা পূর্ব ইউনিয়নের ১নং ওয়ার্ড বেলঘর গ্রাম। ওই গ্রামে একটি নালা ঘেঁষে পাঁচটি বাড়ি। ৫০ পরিবারের তিনশতাধিক মানুষের বসবাস। চলাচলের রাস্তা না থাকায় চরম দুর্ভোগের শিকার বাসিন্দারা।
শুক্রবার সকালে সরেজমিনে গিয়ে দেখা যায়, বেলঘর গ্রামের সিংহ বাড়ী, হাজী মহসিন বাড়ী, কুমার বাড়ী, চৌকিদার বাড়ী ও মিজি বাড়ীর মানুষের চলাচলের নেই কোন রাস্তা। তারা কখনো কখনো কারো বাড়ির পেছন দিয়ে, কখনও উঠোন পেরিয়ে, জমির আইল দিয়ে, অলিগলি ঘুরে যাতায়াত করতে হয়। এ নিয়ে দুর্ভোগ যতটা, স্থানীয়দের দুঃখ তার চেয়েও বেশি।
গ্রামের বাসিন্দা মো: মারুফ হোসেন, মঞ্জুর আলম, মহসিন, মো: লালু, মহিন উদ্দিন, রনজিৎ পাল, জাহানার বেগম, রেখা বেগম, রানু বেগম, আনোয়ারা বেগম পপুলার বিডিনিউজকে তুলে ধরেন দীর্ঘ বছর ধরে তাদের দুঃখ যাতনার কথা।
প্রত্যেকের কণ্ঠে আক্ষেপ প্রতিটি মানুষ রাস্তার জন্য খুব কষ্টে দিন যাপন করছে। গ্রামে স্কুল, মাদ্রাসা, মসজিদ, কমিউনিটি ক্লিনিক, আড়ং বাজার সবই আছে, নেই শুধু রাস্তা। রাস্তা না থাকায় ছোট থেকে বড় কেউই স্কুল-কলেজে যাতায়াত করতে পারছে না।
প্রয়োজন হলে দ্রুত ডাক্তারে কাছে শরণাপন্ন হতে পারছে না। আর বৃষ্টি বা বর্ষার সৃজন এলে দুর্ভোগের চিত্র আরো ভয়াবহ রুপ নেয়। বিগত দিনে চলাচলের রাস্তা ছিলো, সেটি কমিউনিটি ক্লিনিক ও স্কুলের সীমানা দেয়ালের কারণে বন্ধ হয়ে যায়।
জানতে চাইলে ইউপি সদস্য মোজাম্মেল হোসেন বলেন, তারা নিজ উদ্যোগে একটি রাস্তা করার চেষ্টা করছে। এখন ফসলী মাঠের পানি নিঃস্কাশনের ব্যবস্থা করে তারা রাস্তাটি করতে পারে।
সামনে ইউপি নির্বাচন। অনেক প্রতিশ্রুতি দিয়ে ভোট আদায়ের জন্য চলবে কৌশল। এই পাঁচ বাড়ীতেও আছে প্রায় দেড়শতাধিক ভোটার। সবাই চান তাদের চলাচলের জন্য কোন প্রতিবন্ধকতা সৃষ্টি না করে একটি রাস্তা করা হোক।