POPULAR BD NEWS
Popular BD News Logo

মায়ের সামনে দাঁড়িয়ে থাকা ছেলেকে চাপা দিয়ে মারলো চালক

পপুলার বিডিনিউজ রিপোর্ট | প্রকাশিত: নভেম্বর ১৩, ২০২১ | সময়: ৯:২১ অপরাহ্ণ

হাজীগঞ্জে মায়ের সামনে অটোরিকশায় চাপা পড়ে এক শিশুর মৃত্যু হয়েছে।অটোচালক মোবাইলে কথা বলতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে শিশুটিকে চাপা দেয়।

মায়ের সঙ্গে মাদ্রাসায় যাওয়ার জন্য সড়কের পাশে দাঁড়িয়ে ছিল ইব্রাহিম খলিল (১০)। সড়কের বিপরীত পাশ থেকে ব্যাটারি চালিত একটি অটোরিকশা চাপা দেয় তাকে। পরে স্থানীয়রা শিশুটিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।

শনিবার বিকেলে উপজেলার বাকিলা ইউনিয়নের বাকিলা চাপাতলি সড়কের সন্না গ্রামের কানির বাড়ি এলাকায় ঘটনাটি ঘটে ।

ইব্রাহিম খলিল মধ্য সন্না খান বাড়ির মাওলানা ইলিয়াস খাঁর ছেলে।

দুর্ঘটনার প্রত্যক্ষদর্শী সফিকুর রহমান জানান, শিশুটি স্থানীয় ফুলছোঁয়া মাদ্রাসার ছাত্র। সন্ধ্যার কিছু আগে শিশুটিকে তার মা মাদ্রাসায় দিয়ে আসার জন্য নিজেদের বাড়ির সামনে সড়কের পাশে এসে দাঁড়ায়। কোনো কিছু বুঝে ওঠার আগেই সড়কের বিপরীত দিক থেকে ব্যাটারি চালিত একটি অটোরিকশা শিশুটির ওপর দিয়ে উঠিয়ে দেয়। এ সময় অটোরিকশার নিচ থেকে শিশুটিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হলে সেখানে চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করে।

শিশুটিকে উদ্ধারকারী আরেক প্রত্যক্ষদর্শী ইউনুস মোল্লা জানান, ঘাতক অটোরিকশার মধ্যে থাকা যাত্রীরা জানিয়েছে চালক মোবাইলে কথা বলতে গিয়ে গাড়িটিকে নিয়ন্ত্রণে রাখতে না পেরে সড়কের বিপরীত পাশে মায়ের পাশে দাঁড়ানো শিশুটিকে চাপা দেয়।

অটোরিকশা চালক মধ্য সন্না মিজি বাড়ির ইউনুস মিজি (৫০)। এদিকে ঘটনার পর থেকে তিনি পালাতক। তবে অটোরিকশাটি স্থানীয়রা আটক করেছে।

হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ হারুনুর রশিদ জানান, ‘খবর পেয়ে লাশ উদ্ধারের জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পুলিশ পাঠানো হয়েছে। আর দুর্ঘটনা কবলিত অটোরিকশাটি নিয়ে আসার জন্য লোক পাঠানো হয়েছে।’

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন