স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, সুন্দরবন অপরূপ সৌন্দর্যের লীলাভূমি। এখানে মাছ কিংবা মধু আহরণ করা হতো। তবে এগুলোকে টার্গেট করে গড়ে ওঠে জলদস্যু ও বনদস্যু বাহিনী। অবশ্য এসব দুষ্কৃতকারীদের বাধ্য করা হতো অপরাধে। যার পেছনে ইন্ধন দাতারাও ছিল। তবে বর্তমানে সুন্দরবনের যে ধারা প্রবাহ অর্থাৎ জলদস্যুমুক্ত হয়েছে এটাকে ধরে রাখতে হবে। এ ধারা অব্যাহত এবং সুসংহত করতে একটি স্থায়ী ক্যাম্প করা হবে।
সোমবার বাগেরহাটের রামপালে ‘দস্যুমুক্ত সুন্দরবন দিবস তৃতীয় বর্ষপূর্তি ও আত্মসমর্পনকৃতদের পুনর্বাসন’ অনুষ্ঠানে মন্ত্রী এসব কথা বলেন।
তিনি বলেন, আর যেসব জলদস্যু আত্মসমর্পণ করেছেন অথচ তাদের মামলা আছে এসব মামলাগুলো কিভাবে প্রত্যাহার করা যায় এ জন্য পাবলিক প্রসিকিউটরসহ (পিপি) সংশ্লিষ্ট দপ্তর বা বিভাগের সঙ্গে আমরা সমন্বয় করে যাচ্ছি। আশা করছি সেক্ষেত্রে সহসাই এসব মামলা তুলে নেওয়া বা প্রত্যাহার হয়ে যাবে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঠিক ও সময়োপযোগী সিদ্ধান্তে এটি সম্ভব হয়েছে উল্লেখ করে মন্ত্রী বলেন, তার নির্দেশে যেমন সন্ত্রাস-জঙ্গিবাদ মাদক নির্মূলে কাজ করে যাচ্ছে আইনশৃঙ্খলা বাহিনী। ঠিক তেমনিভাবেই সুন্দরবনকে নিরাপদে রাখতে সব ধরনের কর্মকাণ্ড অব্যাহত রাখা হবে।
সূত্র: যুগান্তর
E/N