POPULAR BD NEWS
Popular BD News Logo

শাহরাস্তিতে স্বামীকে বালিশচাপা দিয়ে হত্যা মামলায় স্ত্রীর যাবজ্জীবন

পপুলার বিডিনিউজ রিপোর্ট | প্রকাশিত: অক্টোবর ২৫, ২০২১ | সময়: ১২:৩৩ অপরাহ্ণ

চাঁদপুরের শাহরাস্তি উপজেলার মেহের উত্তর ইউনিয়নের নয়নপুর গ্রামে স্বামী জামাল হোসেনকে ঘুমের ওষুধ ও বালিশচাপা দিয়ে হত্যার অভিযোগে স্ত্রী ফাতেমা আক্তারকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।

২৪ অক্টোবর রোববার বিকেলে চাঁদপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ বেগম ফারহানা ইয়াসমিন এই রায় দেন। রায়ে যাবজ্জীবন কারাদণ্ডের সাথে ১০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে তিন মাসের কারাদণ্ড দেয় আদালত।

মামলার বিবরণ থেকে জানা যায়, ২০১৬ সালের ১৪ এপ্রিল ফাতেমা আক্তারের সঙ্গে তাঁর স্বামী জামাল হোসেনের পারিবারিক বিষয়ে ঝগড়া হয়। সন্তানদের সামনে স্বামী ফাতেমাকে মারধর করায় অসম্মানবোধ করেন তিনি। এরপর ক্ষিপ্ত হয়ে ফাতেমা স্বামীকে মেরে ফেলার পরিকল্পনা করেন। পরদিন ১৫ এপ্রিল পরিকল্পনা অনুযায়ী রাত ১১টায় জন্ডিসের তরল ওষুধের সঙ্গে ৮টি ঘুমের ওষুধ মিশিয়ে রাখেন তিনি। তাঁর স্বামী বাজার থেকে ফেরার পর ওই ওষুধ পান করেন। এরপর রাত আনুমানিক ৩টার দিকে জামাল হোসেন অচেতন হয়ে পড়লে তাঁকে নাকেমুখে বালিশচাপা দিয়ে হত্যা করেন ফাতেমা।

ঘটনাটি গোপন করার জন্য ফাতেমা পার্শ্ববর্তী অন্য ঘর থেকে তাঁর ছেলে জাহিদুল ইসলাম ফাহিমকে (১৫) ঘুম থেকে উঠিয়ে তার বাবার মৃত্যুর খবর দেন। ছেলেকে ফাতেমা বলেন দিনে তার পিতার সঙ্গে ঝগড়া হয়েছে, যার ফলে তার বাবার মৃত্যুর ঘটনায় সবাই তাদের সন্দেহ করবে। এ জন্য মা ও ছেলে একসঙ্গে বাড়ির পাশে পুরোনো গর্ত করে জামালকে মাটিচাপা দেন।

সকালবেলায় ফাতেমা প্রচার করেন তাঁর স্বামী ঢাকায় চাকরির জন্য গেছেন। বিষয়টি জামাল হোসেনের পরিবারের সন্দেহ হলে বিভিন্ন স্থানে খোঁজ নিয়ে সন্ধান না পাওয়ায় ফাতেমাকে দিয়ে ২৮ এপ্রিল শাহরাস্তি মডেল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করায়।

এরপর ৩০ এপ্রিল দুপুরে ফাতেমা আক্তার তাঁর স্বামীর নিকটাত্মীয় অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য মো. আমির হোসেনের কাছে পুরো ঘটনার বিবরণ বলেন। আমির হোসেন ঘটনাটি শাহরাস্তি থানা-পুলিশকে জানালে পুলিশ এসে তাঁদের থানায় নিয়ে যায়। এবং জিজ্ঞাসাবাদের একপর্যায়ে ঘটনাস্থলে গিয়ে জামাল হোসেনের অর্ধগলিত লাশ উদ্ধার করে।

E/N

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন