নতুন নামে ব্র্যান্ডিং করার পরিকল্পনা করছে সামাজিক যোগাযোগমাধ্যম জায়ান্ট ফেসবুক ইনকরপোরেশন। আগামী সপ্তাহে তাদের নতুন নামের ঘোষণা আসতে পারে। যুক্তরাষ্ট্রের প্রযুক্তিবিষয়ক সংবাদমাধ্যম ‘দ্য ভার্জ’ এ ঘটনার সঙ্গে সরাসরি যুক্ত একটি সূত্রের বরাত দিয়ে মঙ্গলবারের প্রতিবেদনে এ খবর জানিয়েছে।
প্রতিবছর ফেসবুক ‘কানেক্ট’ নামের একটি সম্মেলন করে। আসছে ২৮ অক্টোবর বার্ষিক ওই সম্মেলন হওয়ার কথা। ভার্জের প্রতিবেদন অনুযায়ী আসন্ন সম্মেলনে ফেসবুকের প্রধান নির্বাহী কর্মকর্তা মার্ক জাকারবার্গ নাম পরিবর্তনের বিষয়টি নিয়ে আলোচনা করবেন। অবশ্য সম্মেলনের আগেই নতুন নাম জানা যেতে পারে।
ভার্জের প্রতিবেদনের পর বার্তা সংস্থা রয়টার্স ফেসবুক কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে। তবে কোম্পানিটি জানায়, ‘গুজব বা গুঞ্জন’ নিয়ে তারা মন্তব্য করে না।
খবরটি এমন সময়ে এল যখন, কোম্পানিটি তার ব্যবসায়িক কৌশল নিয়ে যুক্তরাষ্ট্রে ক্রমবর্ধমান সরকারি তদন্তের মুখোমুখি হচ্ছে। উভয় দলের আইনপ্রণেতারা ফেসবুকের ব্যাপক সমালোচনা করছেন, নানা প্রশ্ন তুলছেন। এতে করে ফেসবুকের বিরুদ্ধে মার্কিন কংগ্রেসের ক্রমবর্ধমান ক্ষোভের বিষয়টি সামনে এসেছে।
সূত্র: প্রথম আলো
E/N