POPULAR BD NEWS
Popular BD News Logo

সাগরে লঘুচাপ, বৃষ্টি থাকতে পারে আরও দুদিন

পপুলার বিডিনিউজ ডেস্ক | প্রকাশিত: অক্টোবর ১৯, ২০২১ | সময়: ১:৩৬ অপরাহ্ণ

সাগরে আরও একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। অন্যদিকে আগের লঘুচাপ এখন ভারতের দিকে সরে গেছে। সবমিলিয়ে পুবালি-পশ্চিমা বায়ুর সংমিশ্রণের ফলে দেশের বিভিন্ন অঞ্চলে ঝড়ো হাওয়াসহ বৃষ্টি হচ্ছে।

এমন আবহাওয়া বৃহস্পতিবার (২১ অক্টোবর) পর্যন্ত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

এদিকে ঝড়ো হাওয়ার কারণে দেশের সমুদ্রবন্দরগুলোকে গতকালের মতোই ৩ নম্বর সতর্কতা সংকেত এবং নদীবন্দরগুলোতে ১ নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে।

আবহাওয়াবিদ রুহুল কুদ্দুস জানান, বৃষ্টির কারণে রাতের দিকে তাপমাত্রা আরও একটু কমে আসতে পারে।

সমুদ্রবন্দরগুলোর সতর্ক বার্তায় বলা হয়, উত্তর বঙ্গোপসাগর ও বাংলাদেশের উপকূলীয় এলাকায় বায়ু চাপের আধিক্যের পার্থক্য বিরাজ করছে। এ কারণে বাংলাদেশের উপকূলীয় এলাকা, উত্তর বঙ্গোপসাগর এবং সমুদ্রবন্দরগুলোর উপর দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।

এজন্য চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরগুলোকে ৩ নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। এছাড়া উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সাবধানে চলাচল করতে বলা হয়েছে।

এদিকে আবহাওয়া অধিদফতরের পূর্বাভাসে বলা হয়, পশ্চিম বঙ্গোপসাগর এবং এর আশেপাশের এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। আগের লঘুচাপটি এখন ভারতের মধ্যপ্রদেশ ও এর আশেপাশের এলাকায় অবস্থান করছে।

এসবের প্রভাবে খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ঢাকা, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বৃষ্টি হতে পারে। এ কারণে দেশের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে।

সূত্র: যুগান্তর
E/N

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন