হাজীগঞ্জ সংঘর্ষের ঘটনায় আহত সাগর নামের এক যুবকের মৃত্যু হয়েছে। সোমবার সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
পপুলার বিডিনিউজকে বিষয়টি নিশ্চিত করেন সাগরের বাবা মোঃ মোবারক হোসেন।
তিনি পপুলার বিডিনিউজকে জানান, বুধবার রাতে তার ছেলে হাজীগঞ্জ বাজারে হামলা ও সংঘর্ষের ঘটনায় গুলিবিদ্ধ হয়। পরে আলীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়, সেখান থেকে কুমিল্লা মেডিকেল হাসপাতালে ভর্তি করানো হয়। উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল হাসপাতালে রেফার করা হলে সোমবার সকালে সাড়ে সাতটায় তার মৃত্যু হয়।
সাগরের মা আমেনা বেগম পপুলার বিডিনিউজকে বলেন, পাঁচ সন্তানের মধ্যে সাগর সবার ছোট। সাগর হাজিগঞ্জ উপজেলার বড়কুল ইউনিয়নের নোয়াদ্দা সুমন মাঝির মেয়েকে বিয়ে করেন। তার এক কন্যা সন্তান রয়েছে।
জানা গেছে, তারা দীর্ঘদিন ধরে হাজীগঞ্জ বাজারের ডিগ্রি কলেজ রোড সংলগ্ন এলাকায় বসবাস করে আসছেন।
তাদের গ্রামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার ইব্রাহিমপুর গ্রামের খন্দকার বাড়ি। সাগর পেশায় একজন ট্রাক চালক।
সাগরের মা আরো জানান, ডিগ্রি কলেজ রোডের রাসেল নামের এক যুবক তাকে ফোন করে মিছিলে নেয়।
অফিসার ইনচার্জ হারুনুর রশিদ সাগরের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।