POPULAR BD NEWS
Popular BD News Logo

স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ করা উচিত বললেন ডা. জাফরুল্লাহ চৌধুরী

পপুলার বিডিনিউজ রিপোর্ট | প্রকাশিত: অক্টোবর ১৭, ২০২১ | সময়: ১:২১ অপরাহ্ণ

দেশের ভালো লোকের মধ্যে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামাল একজন। কিন্তু তাকে গোয়েন্দা বাহিনী বোকা বানাচ্ছে। পূজা মন্ডপগুলোর নিরাপত্তা ব্যবস্থার কথা বললেও তারা তার কথা রাখেননি। স্বরাষ্ট্রমন্ত্রীর এখানে কোন দোষ নেই। তারপরও বলব তাকে এখনই পদত্যাগ করা উচিত।

রোববার দুপুরে চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলায় হামলা ও সংঘর্ষের ঘটনায় নিহতদের পরিবারকে সমবেদনা এবং ক্ষতিগ্রস্ত পূজামন্ডপগুলো পরিদর্শনকালে তিনি এসব কথা সাংবাদিকদের বলেন।

তিনি পুলিশ ও সাংবাদিকদের প্রতি কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানিয়ে বলেন, ঘটনার রাতে পুলিশ ও সাংবাদিক বিষয়টি নিয়ন্ত্রণ না করলে আরো ভয়াবহ ঘটনা ঘটতে পারতো বলে মন্তব্য করেন।

হাজীগঞ্জে কোরআন অবমাননাকে কেন্দ্র করে এ সংঘর্ষের চারজন নিহতের ঘটনা ঘটেছে। সেখানে কিশোর, মৌলভী সাহেবেরা ও ধর্মান্ধ ব্যক্তিরা এ হামলায় জড়িত।

গণস্বাস্থ্য কেন্দ্রের এই প্রতিষ্ঠাতা আরো বলেন, সরকার এখনই পূজামণ্ডপগুলোতে আর্থিক সহায়তা করা প্রয়োজন। সরকার একটি বড় ধরনের ভুল করেছে, সে ভুলটি ধরিয়ে দিতে চান তিনি। এ প্রসঙ্গে তিনি বলেন, মাদ্রাসার জন্য ৫ হাজার কোটি টাকা বরাদ্দ দিয়েছে সরকার। সেটা বড় ভুল হয়েছে। সেখান থেকে এই ধর্মান্ধতার বীজ বপন হচ্ছে।

তিনি এর আগে হাজীগঞ্জ বাজারের গাউছিয়া হাইওয়ে রেস্টুরেন্টে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন। মতবিনিময় সভায় হাজীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি গাজী সালাহ উদ্দিনের সভাপতিত্বে সাবেক সভাপতি ও দৈনিক যুগান্তর প্রতিনিধি খালেকুজ্জামান শামীমের পরিচালনায় সাংবাদিকদের কাছ থেকে প্রত্যক্ষ ঘটনার বিবরণী জানেন। সাংবাদিকদের মাঝে ঘটনার বিবরণী তুলে ধরেন সাংবাদিক মহিউদ্দিন আল আজাদ, মনিরুজ্জান বাবলু, কামরুজ্জামান টুটুল ও সাইফুল ইসলাম সিফাত।

মতবিনিময় শেষে হাজীগঞ্জ শ্রী শ্রী লক্ষ্মী নারায়ন জিউর আখড়া, হাজীগঞ্জ সেবাশ্রম মন্দির পরিদর্শন শেষে ওই ঘটনায় নিহত চার জনের মধ্যে রান্ধুনীমুড়া গ্রামের ফজলুল হকের ছেলে নিহত ইয়াছিন হোসেন হৃদয়ের বাড়িতে যান। সেখানে নিহতের বাবা মায়ের সাথে কথা বলে হৃদয়ের কবর জিয়ারত করেন।

ওই সময় উপস্থিত ছিলেন ভাসানী অনুসারী পরিষদের মহাসচিব শেখ রফিকুল ইসলাম বাবলু, প্রেসিডিয়াম সদস্য মুক্তিযোদ্ধা নঈম জাহাঙ্গীর, গণস্বাস্থ্য কেন্দ্রের প্রেস উপদেষ্টা জাহাঙ্গীর আলম মিন্টু, ৬৯‘ শহীদ আসাদের ছোট ভাই ডা. নুরুজ্জামান, ভাসানী অনুসারী পরিষদের সদস্য ব্যারিস্টার সাদিয়া আরমান, রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রচার ও মিডিয়া সমন্বয়ক হাসিবুদ্দিন হোসেন, রাজনৈতিক সমন্বয়ক ফরিদুল হক, সাংগঠনিক সমন্বয়ক ইমরান ইমন, বাংলাদেশ ছাত্র ফেডারেশনের সাবেক সভাপতি গোলাম মোস্তফা প্রমুখ।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন