POPULAR BD NEWS
Popular BD News Logo

২য় প্রস্তুতি ম্যাচে আইরিশদের কাছে হারল বাংলাদেশ

পপুলার বিডিনিউজ ডেস্ক | প্রকাশিত: অক্টোবর ১৪, ২০২১ | সময়: ৫:০৩ অপরাহ্ণ

উইকেটকিপার ব্যাটার নুরুল হাসান সোহানের ব্যাটে ভর করে এগিয়ে যাচ্ছিল বাংলাদেশ। আইরিশ বোলারদের তোপে সৌম্য সরকারের পর বল দেখছিলেন সোহানই। বাকিরা সব চোখে শর্ষে ফুল দেখেছেন।

একের পর পর ব্যাটার উইকেট বিলিয়ে দিয়ে এসেছেন। ৩, ১, ৮ ও ১ রান করেছেন যথাক্রমে নাঈম, লিটন, মুশফিক ও শামীম। এ যেন কারো টেলিফোন নাম্বারের ডিজিট বসিয়েছে স্কোরবোর্ডে।

ব্যাটারদের এমন দৈন্যতায় আয়ারল্যান্ডের কাছে ৩৩ রানে হারল বাংলাদেশ। আইরিশদের ছোড়া ১৭৮ রানের লক্ষ্যে ১৪৪ রানে থামে বাংলাদেশের ইনিংস।

বাংলাদেশ দলের পক্ষে সর্বোচ্চ রান এসেছে সোহানের ব্যাট থেকে। ২৩ বলে ৬ বাউন্ডারি হাঁকিয়ে ৩৮ রান করেছেন এ উইকেটকিপার। দ্বিতীয় সর্বোচ্চ রান এসেছে সৌম্য সরকারের ব্যাট থেকে। ১ বাউন্ডারি ও ২ ছক্কায় ৩০ বলে ৩৭ রান করেছেন সৌম্য।

১৭তম ওভারে সোহান আউট হয়ে গেলে জয়ের আশা হারিয়ে ফেলে টাইগার সমর্থকরা। শেষ তিন ওভারে জয়ের জন্য বাংলাদেশের প্রয়োজন পড়ে ৫৯ রান। যা টেলএন্ডার তাসকিস ও মোস্তাফিজকে দিয়ে প্রায় অসম্ভব।

এর আগে টসে হেরে ব্যাট করতে নেমে বাংলাদেশি বোলারদের বিপক্ষে তাণ্ডব চালান ওয়ানডাউনে নামা আইরিশ অলরাউন্ডার গ্যারেথ ডিলানি। ১৭৭ রানের মধ্যে ডিলানি একাই করেছেন ৮৮ রান, তাও মাত্র ৫০ বলে। হাঁকিয়েছেন ৩ বাউন্ডারি ও ৮ ছক্কা।

বাংলাদেশি বোলাররা আইরিশদের উইকেট শিকার করেছেন মাত্র তিনটি। দুটি পেয়েছেন পেসার তাসকিন।

আইপিএলে দুর্দান্ত পারফরম্যান্স দেখানো মোস্তাফিজুর জাতীয় দলে ফিরে ফ্লপ হয়েছেন। ৪ ওভার করে ৪০ রান দিয়ে কোনো উইকেট পাননি।
সূত্র:যুগান্তর

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন