পুলিশের হাতে ধরা পড়েছেন কুমারী পরিচয়ে আট বিয়ে করা খুলনার আলোচিত সেই সুলতানা পারভীন নীলা। তাকে গ্রেফতার করে রাজধানীর বাড্ডা থানা পুলিশ। বর্তমানে তিনি কারাগারে রয়েছেন।
বিষয়টি নিশ্চিত করেছেন বাড্ডা থানার এসআই মো. হানিফ। গ্রেফতার নীলা খুলনা মহানগরীর সোনাডাঙ্গা আবাসিক এলাকার সুলতানুল আলম বাদলের মেয়ে।
এসআই মো. হানিফ ও এএসআই রফিকুল ইসলাম জানান, নীলার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত-৩। এরই পরিপ্রেক্ষিতে গোপন সংবাদের ভিত্তিতে ৭ অক্টোবর পূর্ব বাড্ডার শাহাবুদ্দিন মোড়ের বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। পরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
এর আগে, চলতি বছরের ২০ আগস্ট ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে নীলার বিরুদ্ধে মামলা করেন সাবেক স্বামী আব্দুল বাকী। তার বিরুদ্ধে চেক ও টাকা-পয়সা চুরির অভিযোগ আনা হয়। বাকী খুলনা মহানগরীর নাজির ঘাট এলাকার বাসিন্দা।
মামলার এজাহারে উল্লেখ করা হয়, একই এলাকায় থাকার সুবাদে ২০২০ সালের ৪ মে নীলাকে বিয়ে করেন বাকী। বিয়ের পর তিনি স্ত্রীকে নিয়ে ঢাকার গুলশানে থাকতেন। কিন্তু বিয়ের কিছুদিন পর থেকে নীলার বেপরোয়া জীবন-যাপনসহ বিভিন্ন কারণে তার সঙ্গে সম্পর্কের অবনতি হতে থাকে। এর মধ্যেই মনিরুল ইসলাম বর্ষণ নামে এক যুবককে নিজের খালাতো ভাই পরিচয়ে প্রায়ই বাসায় নিয়ে আসতেন নীলা।
সূত্র:জাগরণ
E/N