POPULAR BD NEWS
Popular BD News Logo

অভিনয় করতে ১৩ দিন গোসল করিনি-শান্ত খান

পপুলার বিডিনিউজ ডেস্ক | প্রকাশিত: অক্টোবর ১০, ২০২১ | সময়: ১১:৪৬ পূর্বাহ্ণ

চাঁদপুরে অভিনিত ছবিটিতে কৌশানির নায়ক শান্ত খান। শুটিং শুরুর পর থেকেই চরিত্রের প্রয়োজনে নিজের গ্ল্যামার লুক থেকে বের হয়ে রাখাল চরিত্র ফুটিয়ে তুলতে গোসল না করে থাকতে হয় তাকে। অর্ধেক শুটিং শেষে বিরতি দেওয়ায় ১৩ দিন পর গতকাল গোসল করেন বলে সমকালকে জানিয়েছেন ঢালিউডের এই তরুণতুর্কী।

শান্ত খান বলেন, ‘চরিত্রটি ভালোভাবে ফুটিয়ে তুলতেই গোসল করিনি। কেবল পারফিউম ব্যবহার করে থেকেছি। ছবির চরিত্রের জন্যই এই শর্ত ছিলো পরিচালকের। অবশেষে শুটিং বিরতি দিলে ১৩দিন পর গতকাল গোসল করলাম।’

শান্ত খান ও কৌশানি
ছবিটি পরিচালনা করছেন পুজন মজুমদার। তার প্রথম ছবিটি এটি। কলকাতার জনপ্রিয় অভিনেতা রজতাভ দত্ত, খরাজ মুখার্জিও এই সিনেমায় অভিনয় করছেন। শাপলা মিডিয়া প্রযোজনা করছে ছবিটি।

শান্ত খান বলেন, ‘যখন সিনেমায় অভিনয় করতাম না তখন আমি নিজেও একটি সিনেমা দেখে ভালো না লাগলে মন্দ কমেন্ট করতাম। কিন্তু একটি সিনেমায় যে এতো কষ্ট, কাজ না করলে বুঝতাম না। ছবিটিতে অনেক বড় বড় অভিনেতারা কাজ করছেন। তাদের দেখে অভিনয় শিখছি। কষ্ট করছি। আশা করছি দর্শকরা প্রিয়া রে ছবিটিতে অভিনেতা শান্ত খানকে দেখতে পাবেন।’

শান্ত আরও বলেন, ‘প্রিয়া রে সিনেমার শুট যেদিন শুরু করি, তার আগের দিন শাওয়ার নিচ্ছিলাম। পূজন ভাই (পরিচালক) এসেই বললেন, শাওয়ার নেওয়া যাবে না। শুট শেষ না হওয়া পর্যন্ত আপনার গোসল বন্ধ। সেই থেকে গোসল ছাড়াই চলেছে টানা ১৩ দিন।’

শান্ত খান আরও জানিয়েছেন, ‘আমার এমন অবস্থা দেখে আব্বু (প্রযোজক সেলিম খান) কষ্ট পেয়েছেন। আম্মুর কাছে গিয়ে কান্নাকাটি করেছেন। আমার এখন পড়াশোনার বয়স, এত কষ্ট করার দরকার নেই বলে জানিয়েছেন।’

সিনেমায় শান্ত খান অভিনয় করছেন নূরু রাখালের চরিত্রে। আর কলকাতার কৌশানী মুখোপাধ্যায় অভিনয় করছেন চেয়ারম্যানের মেয়ে চরিত্রে।

‘প্রেম চোর’, ‘টুঙ্গিপাড়ার মিয়াঁ ভাই’ দুটি সিনেমা মুক্তি পেয়েছে শান্ত খানের। মুক্তির অপেক্ষায় আছে ‘বুবুজান’, ‘গ্যাং স্টার’ নামে আরও দুই সিনেমা। ওই দুটি সিনেমা মসলাদার বাণিজ্যিক ধারার। তবে ‘প্রিয়া রে’ সিনেমাটি পুরোপুরি গ্রামের আবহ বলে জানান শান্ত খান।

HO/N

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন