POPULAR BD NEWS
Popular BD News Logo

বাহরাইন ভ্রমণে নিষেধাজ্ঞা নেই বাংলাদেশিদের

পপুলার বিডিনিউজ ডেস্ক | প্রকাশিত: অক্টোবর ৮, ২০২১ | সময়: ৩:৩৯ অপরাহ্ণ

বাহরাইন ভ্রমণের লাল তালিকা থেকে বাংলাদেশের নাম বাদ দেওয়া হয়েছে। আগামী রোববার থেকে এ সিদ্ধান্ত কার্যকর হবে। এদিন থেকে বাংলাদেশিদের বাহরাইন ভ্রমণে আর কোনো বাধা থাকবে না।

বাহরাইনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. নজরুল ইসলাম শুক্রবার এক টুইটে দেশটির সরকারের এ সিদ্ধান্তের কথা জানান। লাল তালিকা থেকে বাংলাদেশের নাম বাদ দেওয়ায় দেশটির সরকারকে ধন্যবাদ জানান নজরুল ইসলাম।

বাহরাইনের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ বৃহস্পতিবার এক সিদ্ধান্তে বাংলাদেশ, মিয়ানমার, ইন্দোনেশিয়া, দক্ষিণ আফ্রিকাসহ ১১ দেশকে ভ্রমণের লাল তালিকা থেকে বাদ দেয়। আর দেশটি নতুন করে তাদের লাল তালিকায় রোমানিয়ার নাম যুক্ত করে।

করোনাভাইরাসের সংক্রমণ পরিস্থিতির উন্নতির কারণে বাহরাইন সরকার বাংলাদেশসহ ১১ দেশের নাম লাল তালিকা থেকে বাদ দিয়েছে।

বাহরাইন সরকারের এ সিদ্ধান্তের ফলে বাংলাদেশসহ ১১ দেশের নাগরিকদের ১০ অক্টোবর থেকে সে ভ্রমণে আর কোনো নিষেধাজ্ঞা থাকবে না। লাল তালিকায় অন্তর্ভুক্ত থাকায় দেশে অবস্থানরত প্রবাসীকর্মীরা বাহরাইনে যেতে পারছিলেন না।

সূত্র:যুগান্তর
R/N

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন