POPULAR BD NEWS
Popular BD News Logo

রাজনৈতিক উত্তাপ বাড়ছে চাঁদপুরে

পপুলার বিডিনিউজ রিপোর্ট | প্রকাশিত: অক্টোবর ২, ২০২১ | সময়: ৯:৪৪ অপরাহ্ণ

চাঁদপুর জেলা আওয়ামী লীগের তৃণমূল প্রতিনিধি ও বর্ধিত সভার তারিখ চূড়ান্ত হয়েছে। ২ অক্টোবর প্রতিনিধি সভা এবং ৩ অক্টোবর দলটির বর্ধিত সভা হবে। আর একই মাসের ২৩ তারিখ হবে জেলা বিএনপির সম্মেলন। দীর্ঘদিন বড় দুটি দলের রাজনৈতিক প্রোগ্রামকে ঘিরে নেতাকর্মীদের মাঝে প্রাণচাঞ্চল্য ও উৎসবের আমেজ লক্ষ করা যাচ্ছে। হোটেল-রেস্তোরাঁগুলোতে উভয় দলের নেতাকর্মীদের আড্ডার উত্তাপও বাড়ছে।

জানা যায়, চাঁদপুর স্টেডিয়ামে জেলা আওয়ামী লীগের প্রতিনিধি সভা ও বর্ধিত সভা হবে। সেখানে বিশাল প্যান্ডেল, মঞ্চ নির্মাণসহ যাবতীয় প্রস্তুতি চলছে। জেলার বিভিন্ন আসন থেকে নির্বাচিত সংসদ-সদস্য এবং কেন্দ্রীয় বেশ কয়েকজন সিনিয়র নেতা দুদিনের কর্মসূচিতে অংশ নেবেন। জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু নঈম পাটোয়ারী দুলাল জানান, প্রতিনিধি ও বর্ধিত সভায় প্রধান অতিথি থাকবেন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ এমপি। বিশেষ অতিথি থাকবেন আরেক যুগ্ম-সাধারণ সম্পাদক ও শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপি, আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য ড. মহীউদ্দীন খান আলমগীর এমপি, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া (বীরবিক্রম) ও মেজর (অব.) রফিকুল ইসলাম (বীরউত্তম) এমপি। প্রধান বক্তা থাকবেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও জাতীয় সংসদের হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন এমপি। আরও বক্তব্য দেবেন আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণবিষয়ক সম্পাদক সুজিত রায় নন্দী, আইনবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট নজিবুল্লাহ হিরু, তথ্য ও গবেষণা সম্পাদক ড. সেলিম মাহমুদ, সংসদ-সদস্য মুহম্মদ শফিকুর রহমান, অ্যাডভোকেট নুরুল আমিন রুহুল ও জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ড. মোহাম্মদ শামছুল হক ভূঁইয়া। সভাপতিত্ব করবেন চাঁদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি নাছির উদ্দিন আহমেদ।

এদিকে বিএনপি জেলার উন্মুক্ত কোনো স্থানে সম্মেলন করার প্রস্তুতি নিয়েছে। এ জন্য প্রশাসনের কাছে অনুমতি চাওয়া হয়েছে। অনুমতি পেলে কেন্দ্রীয় কয়েকজন নেতা অংশ নেবেন। বিএনপির জেলা আহ্বায়ক শেখ ফরিদ আহমেদ মানিক জানান, প্রশাসনের কাছে পৌর পার্ক কিংবা হাসান আলী হাইস্কুল মাঠ চেয়ে আবেদন করা হয়েছে। ভেন্যু পাওয়ার ওপর নির্ভর করছে কেন্দ্রীয় নেতাদের চাঁদপুর আগমণের বিষয়টি। সম্মেলন সফল করতে ইতোমধ্যে ১৫১৫ জন কাউন্সিলর ও ১৫টি ইউনিট গঠন করা হয়েছে।

জানা যায়, ২০১০ সালে জেলা বিএনপির ১৬৩ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়। পরে অভ্যন্তরীণ বিরোধের কারণে ওই কমিটি ভেঙে দেওয়া হয়। ২০১৪ সালের ১৩ ডিসেম্বর শেখ ফরিদ আহমেদ মানিককে আহ্বায়ক করে ৭১ সদস্যবিশিষ্ট জেলা আহ্বায়ক কমিটি গঠন করা হয়।

E/N

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন