POPULAR BD NEWS
Popular BD News Logo

২৪ ঘণ্টায় ১৬৫ ডেঙ্গি রোগী হাসপাতালে ভর্তি

পপুলার বিডিনিউজ ডেস্ক | প্রকাশিত: অক্টোবর ২, ২০২১ | সময়: ৭:২৪ অপরাহ্ণ

দেশে বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুক্রবার সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় আরও ১৬৫ জন ডেঙ্গি রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এডিস মশাবাহিত ডেঙ্গি জ্বরে আক্রান্ত হয়ে এ সময় মৃত্যু হয়েছে ১ জনের। এ নিয়ে চলতি বছর সারা দেশের হাসপাতালে ১৮ হাজার ৩৬২ জন ডেঙ্গি রোগী ভর্তি হলেন। এরমধ্যে ছাড়া পেয়েছেন ১৭ হাজার ৩১৯ জন।

প্রতিদিনের মতো শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমারজেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ডা. মো. কামরুল কিবরিয়া স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। দেশে সেপ্টেম্বরে ডেঙ্গি জ্বরে আক্রান্ত হয়ে ৭ হাজার ৮৪১ জন হাসপাতালে ভর্তি হন। এ সময় মৃত্যু হয়েছে ২১ জনের। সরকারি হিসাবে দেশে ডেঙ্গি আক্রান্ত হয়ে সেপ্টেম্বরে দৈনিক গড়ে ২৬১ রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য পর্যালোচনা করে দেখা গেছে, ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি রোগীদের মধ্যে রাজধানীর বিভিন্ন হাসপাতাল ১৪১ এবং ঢাকার বাইরে ২৪ জন ভর্তি হয়েছেন। বর্তমানে সারা দেশের সরকারি-বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন ৯৭৫ জন। এর মধ্যে ঢাকার ৪৬টি হাসপাতালে ৭৬৬ জন ও ঢাকার বাইরের বিভিন্ন বিভাগীয় হাসপাতালে ২০৯ জন ভর্তি রয়েছেন।

গত ২৪ ঘণ্টায় সারা দেশে ভর্তি ১৬৫ জনের মধ্যে ঢাকার ১৫টি সরকারি ও স্বায়ত্তশাসিত হাসপাতালে ৬০ জন ও ৩২টি বেসরকারি হাসপাতাল এবং ক্লিনিকে ৮১ জন ভর্তি হন। এছাড়া ঢাকা মহানগরীর বাইরে ৮টি বিভাগের সরকারি হাসপাতালে ৮৪ জন ভর্তি হন।

গত ২৪ ঘণ্টায় সরকারি হাসপাতালগুলোর মধ্যে সবচেয়ে বেশি স্যার সলিমুল্লাহ (মিটফোর্ড) হাসপাতালে ৪২ জন, মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে ৭ জন, সম্মিলিত সামরিক হাসপাতালে ৫ জন, কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ৫ জন এবং সংক্রামক ব্যাধি হাসপাতালে ১ জন করে রাজধানীর সরকারি ও স্বায়ত্তশাসিত ১৫টি হাসপাতালে ৬০ জন ডেঙ্গি আক্রান্ত রোগী ভর্তি হয়েছেন। এ ছাড়া গত একদিনে ঢাকার বেসরকারি প্রতিষ্ঠান উত্তরা আধুনিক হাসপাতালে ৮ জন, ডেল্টা মেডিকেল কলেজ হাসপাতালে ৬ জন, শহীদ মুনসুর আলি মেডিকেল কলেজ হাসপাতালে ৬ জন, এভার কেয়ার হাসপাতালে ৬ জন, আজগর আলী হাসপাতাল ৬ জন করে ডেঙ্গি ফিভারের রোগী ভর্তি হয়েছেন। বাকিরা অন্যান্য হাসপাতাল-ক্লিনিকে ভর্তি হয়েছেন। গত একদিনে রাজধানীর ৩২টা বেসরকারি চিকিৎসাকেন্দ্রে ৮১ জন ডেঙ্গি রোগী ভর্তি হয়েছেন।

সূত্র: যুগান্তর

HO/N

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন