POPULAR BD NEWS
Popular BD News Logo

কঠোর নিরাপত্তায় কুমিল্লার আদালতে হাজিরা দিলেন মামুনুল

পপুলার বিডিনিউজ ডেস্ক | প্রকাশিত: সেপ্টেম্বর ২৬, ২০২১ | সময়: ৬:৫১ অপরাহ্ণ

কুমিল্লার চান্দিনা থানায় দায়ের হওয়া একটি মামলায় আদালতে হাজিরা দিয়েছেন হেফাজতে ইসলামের সাবেক যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হক। প্রশাসনের অনুমতি ছাড়া মাহফিলে অংশগ্রহণ ও উসকানিমূলক বক্তব্য দেওয়ার অভিযোগে করা মামলায় আজ রোববার তাঁকে কুমিল্লার ৭ নম্বর আমলি আদালতে হাজির করা হয়।

মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবী নুরুল ইসলাম জানান, আদালতের বিচারক ইরফানুল হক চৌধুরী এ মামলায় আগামী ২৩ ডিসেম্বর পরবর্তী হাজিরার দিন ধার্য করেছেন। মামুনুল হকের পাশাপাশি মামলার আরেক আসামি হেফাজতে ইসলামের সদস্য খালেদ সাইফুল্লাহ আইয়ুবীকেও আদালতে হাজির করা হয়।

কুমিল্লার চান্দিনার জোয়াগ পশ্চিমপাড়া এলাকায় গত বছরের ১৫ ডিসেম্বর এক মাহফিলের অয়োজন করা হয়। ওই মাহফিলে উসকানিমূলক বক্তব্য দেওয়ার অভিযোগে আয়োজক ও অতিথিদের বিরুদ্ধে ১৭ ডিসেম্বর পুলিশ বাদী হয়ে মামলা করে। ওই মামলায় ছয়জনকে আসামি করা হয়।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, মামুনুল হককে আদালতে তোলার সংবাদে আজ সকালে আদালত চত্বরে উত্সুক জনতার ভিড় জমে যায়। পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আদালতে ব্যাপক নিরাপত্তা জোরদার করে। পরে কারাগার থেকে প্রিজন ভ্যানে করে মামুনুল হক ও খালেদ সাইফুল্লাহকে বেলা ১১টা ৪৫ মিনিটে আদালতে হাজির করা হয়। ৫ মিনিট পর বেলা ১১টা ৫০ মিনিট পরবর্তী সময়ে আবারও আদালত থেকে প্রিজন ভ্যানে করে তাঁদের কারাগারে নিয়ে যাওয়া হয়।

সূত্র: প্রথম আলো

E/N

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন