POPULAR BD NEWS
Popular BD News Logo

ফোনে ইউপি চেয়ারম্যানের ৪ লাখ টাকা হাতিয়ে নিলো প্রতারকচক্র!

পপুলার বিডিনিউজ ডেস্ক | প্রকাশিত: সেপ্টেম্বর ১১, ২০২১ | সময়: ২:২৮ অপরাহ্ণ

নোয়াখালীর সুবর্ণচর উপজেলার চরজব্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)-এর মোবাইলফোন নম্বর ক্লোনিং করে মো. মনির আহমেদ নামে এক ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যানের কাছ থেকে ৪ লাখ টাকা হাতিয়ে নিয়েছে প্রতারকচক্র। প্রতারণার বিষয়ে বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) চরজব্বার থানায় অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী মনির আহমদ।

ওসি বলেন, ‘বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) আমার পরিচয় দিয়ে আমারই মোবাইলফোন নম্বর ক্লোনিং করে চরওয়াপদা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনির আহমদকে কল করে টাকা দাবি করে প্রতারকচক্র। এ সময় প্রতারক চক্রটি একজনকে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বলে পরিচয় করিয়ে দেয়।

এরপর ‘কথিত ম্যাজিস্ট্রেট’ অন্য ‘অফিসারদের ম্যানেজ’ করার অজুহাতে ৮টি বিকাশ নম্বরে ৪ লাখ টাকা দেওয়ার জন্য মনির আহমদকে বলেন। তার কথা অনুযায়ী মনির আহমদ ৮টি বিকাশ নম্বরে ৪ লাখ টাকা পাঠিয়ে দেন।’

চরজব্বার থানার ওসি আরও বলেন, ‘টাকা পাঠিয়ে দেওয়ার পর মনির আহমদকে থানায় এসে আমার সঙ্গে কথা বলে পরবর্তী কার্যক্রম সম্পর্কে জানতে বলে প্রতারকরা। রাত সাড়ে ১০টার দিকে তিনি থানায় এসে আমার সঙ্গে কথা বলে প্রতারণার বিষয়টি বুঝতে পারেন।

প্রতারকদের মোবাইলফোন নম্বরগুলোর অবস্থান সিলেট শহর এলাকার বলে জানা গেছে। প্রতারকচক্রকে ধরতে অভিযান অব্যাহত রয়েছে।

উল্লেখ্য, মনির আহমদ সুবর্ণচর উপজেলার চরওয়াপদা ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান। তিনি ২০ সেপ্টেম্বর অনুষ্ঠিতব্য ইউপি নির্বাচনেও প্রতিদ্বন্দ্বিতা করছেন।

সূত্র:ইত্তেফাক

R/N

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন