মতলব উত্তর উপজেলায় বুধবার বিকালে পাগলা কুকুরের কামড়ে ১০জন গুরুতর আহত হয়েছে। উপজেলার এনায়েতনগর, বারোহাতিয়া, রসুলপুর, শাহাবাজকান্দি ও সানাতারকান্দি গ্রামে এ ঘটনা ঘটে।
কুকুরের কামড়ে আহতরা হলেন বারোহাতিয়া গ্রামের অনিক মিয়া (১৮), রহিমা বেগম (৬০), আলেকজান বেগম (৮০), ও সাকিব হোসেন (৬২), এনায়েতনগর গ্রামের ফারজানা আক্তার (৮) ও রাফাত মিয়া (১০), শাহাবাজকান্দি গ্রামের মাকসুদা বেগম (৫০) ও মিজানুর রহমান (৬০), সানাতারকান্দি গ্রামের মো. সরাফউদ্দিন (১৭) এবং রসুলপুর গ্রামের আলফু দেওয়ান (৪০)।
আহত ব্যক্তিদের উদ্ধার করে মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়। তাদের মধ্যে তিন জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।
হাসপাতাল ও এলাকাবাসী জানান, পাগলা কুকুরটি লোকজনের পা, কোমর, পিঠ ও বুকে এলোপাথারি কামড়াতে থাকে। ওই সময় কুকুর থেকে বাঁচার জন্য মাইকিংও করা হয়।
মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা রাজিব কিশোর বণিক বলেন, তাঁর হাসপাতালে ভর্তি হওয়া ওই ১০ জনকে র্যাবিক্স-ভি ইনজেকশন দেওয়া হয়েছে। তিনজনকে ঢাকায় পাঠানো হয়।