POPULAR BD NEWS
Popular BD News Logo

অভিযোগ পেয়ে ফুডস কারখানায় সিআইডির তল্লাশি, দুটি মাথার খুলি ও হাড় উদ্ধার

পপুলার বিডিনিউজ ডেস্ক | প্রকাশিত: সেপ্টেম্বর ৭, ২০২১ | সময়: ১১:৩২ অপরাহ্ণ

নারায়ণগঞ্জের রূপগঞ্জে হাসেম ফুডস কারখানায় তল্লাশি চালিয়ে দুটি মাথার খুলি, হাড়ের অংশবিশেষ ও মাথার চুল উদ্ধার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। ডিএনএ পরীক্ষার জন্য এগুলো ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।

 

মঙ্গলবার বেলা ১১টা থেকে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত মামলার তদন্তকারী সংস্থা সিআইডি কারখানার চারতলায় তল্লাশি চালিয়ে সেগুলো উদ্ধার করে। তল্লাশিকালে সিআইডির সঙ্গে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এবং রূপগঞ্জ থানার পুলিশ উপস্থিত ছিল। তিন শ্রমিক নিখোঁজ রয়েছে মর্মে পরিবারের পক্ষ থেকে অভিযোগের পরিপ্রেক্ষিতে এই অভিযান চালানো হয়। হাসেম ফুডস কারখানায় অগ্নিকাণ্ডে ৫১ জনের মৃত্যুর ঘটনা ঘটে।

পরিবারের অভিযোগ অনুযায়ী নিখোঁজ শ্রমিকেরা হলেন ভোলার চর ফ্যাশনের ওমরপুর এলাকার সালাউদ্দিনের ছেলে মো. মহিউদ্দিন (২২), দিনাজপুরের পার্বতীপুর থানার উত্তর রসুলপুর গ্রামের ফয়জুল্লাহর ছেলে সাজ্জাদ হোসেন (২০) ও নারায়ণগঞ্জের রূপগঞ্জের তারাবোর নান্টু মিয়ার মেয়ে লাবণি আক্তার (১৫)।

সিআইডি নারায়ণগঞ্জ অফিসের সহকারী পুলিশ সুপার হারুন অর রশীদ জানান, ওই কারখানার তিন শ্রমিক নিখোঁজ থাকার অভিযোগ করেছেন পরিবারের সদস্যরা। তাঁদের আবেদনের পরিপ্রেক্ষিতে পুড়ে যাওয়া কারখানার ভবনে তল্লাশি চালানো হয়। সেখানে চারতলার দক্ষিণ ও পূর্ব কোণের তিনটি জায়গা থেকে হাড়ের অংশবিশেষ, দুটি মাথার খুলি ও এক নারীর মাথার চুল উদ্ধার করা হয়।

হারুন অর রশীদ আরও জানান, মর্গে থাকা ৪৮ লাশের মধ্যে ডিএনএ পরীক্ষায় ফলাফল অনুযায়ী ৪৫ জনের লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। তিনজনের লাশ মর্গে রয়েছে। সেগুলো ডিএনএ শনাক্তের জন্য পরিবারের কাছ থেকে নমুনা নেওয়া হয়েছে। নমুনা পরীক্ষায় মিল পাওয়া গেলে সেগুলো হস্তান্তর করা হবে। তল্লাশি অভিযান অব্যাহত থাকবে।

সূত্র: প্রথম আলো

E/N

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন