POPULAR BD NEWS
Popular BD News Logo

পানি বাড়ছে পদ্মায়, দুর্ভোগে ৩০টি গ্রাম

পপুলার বিডিনিউজ ডেস্ক | প্রকাশিত: সেপ্টেম্বর ৭, ২০২১ | সময়: ৫:১০ অপরাহ্ণ

শরীয়তপুরের সুরেশ্বর পয়েন্টে মঙ্গলবার পদ্মা নদীর পানির উচ্চতা ছিল ৫২১ সেন্টিমিটার। এটা বিপৎসীমার ৭৬ সেন্টিমিটার ওপরে। আগের দিন সোমবার ছিল বিপৎসীমার ৬১ সেন্টিমিটার ওপরে। পানির উচ্চতা বেড়ে যাওয়ায় জাজিরা, নড়িয়া ও ভেদরগঞ্জ উপজেলার ৩০টি গ্রাম প্লাবিত হয়েছে। পানিবন্দী হয়ে পড়েছেন অন্তত ১০ হাজার মানুষ।

পানি উন্নয়ন বোর্ড (পাউবো) সূত্র জানায়, গত ১৩ আগস্ট থেকে পদ্মা নদীর সুরেশ্বর পয়েন্টে বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ওই সময় প্রতিদিনই পদ্মায় পানি বাড়ছে। বাড়তে বাড়তে মঙ্গলবার সকাল ৯টায় সুরেশ্বর পয়েন্টে পদ্মার পানি বিপৎসীমার ৭৬ সেন্টিমিটার ওপরে উঠে যায়।

 যে ৩০টি গ্রাম প্লাবিত হয়েছে, সেগুলো পড়েছে জাজিরার নাওডোবা, পূর্ব নাওডোবা, পালের চর ও কুন্ডের চর, নড়িয়ার চরাত্রা, মোক্তারের চর ও নওপাড়া এবং ভেদরগঞ্জের কাঁচিকাটা, তারাবনিয়া ও চরসেন্সাস ইউনিয়নের মধ্যে।

নড়িয়ার ঈশ্বরকাঠি গ্রামের সায়েদুর রহমান বলেন, বাড়ির উঠানে, রাস্তায় পানি। ঘর থেকে বের হতে পারছেন না তাঁরা। এলাকার অনেকের ঘরে পানি উঠে গেছে। নলকূপ তলিয়ে যাওয়ায় খাওয়ার পানি পাওয়া যাচ্ছে না। কৃষিজমি তলিয়ে যাওয়ায় ১০-১২ দিন ধরে বেকার হয়ে পড়েছেন এলাকার মানুষ । এদিকে নদীর তীরবর্তী গ্রামগুলোর ৪৯টি প্রাথমিক ও ৬টি মাধ্যমিক বিদ্যালয় প্লাবিত হয়েছ। বিদ্যালয়ের মাঠ ও শ্রেণিকক্ষ পানিতে তলিয়ে যাওয়ায় বিপাকে পড়েছেন শিক্ষকেরা। ১২ সেপ্টেম্বর এসব বিদ্যালয় খোলা সম্ভব হবে কি না, তা নিয়ে শঙ্কা দেখা দিয়েছে।

নড়িয়ার চেরাগ আলী ব্যাপারীকান্দি গফুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফাতেমা বেগম বলেন, ৮-১০ দিন ধরে এলাকায় বন্যার পানি প্রবেশ করেছে। দুদিন আগে তাঁর বিদ্যালয়ের শ্রেণিকক্ষে পানি প্রবেশ করে। বন্যার পানি না নামা পর্যন্ত বিদ্যালয়ের কার্যক্রম শুরু করা যাবে না।

জেলা প্রশাসক পারভেজ হাসান বলেন, তাঁরা খাদ্যসহায়তা, নগদ টাকা ও পুনর্বাসন সহায়তা নিয়ে প্রস্তুত আছেন। বন্যা পরিস্থিতি মোকাবিলায় মঙ্গলবার জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা ডাকা হয়। জেলায় ৪৫টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত রয়েছে। পানি আরও বৃদ্ধি পেলে সেখানে মানুষকে সরিয়ে নেওয়া হবে।
সূত্র:প্রথম আলো
R/N
পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন