POPULAR BD NEWS
Popular BD News Logo

শত শত ট্রলারের দৌড়ঝাঁপে সেন্ট মার্টিনে ইলিশ উধাও

পপুলার বিডিনিউজ ডেস্ক | প্রকাশিত: আগস্ট ৩১, ২০২১ | সময়: ১১:০০ পূর্বাহ্ণ

কক্সবাজারের সেন্ট মার্টিন উপকূলে টানা ২১ দিন জেলেদের জালে ধরা পড়েছে ঝাঁকে ঝাঁকে ইলিশ। জেলেরা ট্রলারপ্রতি ১ থেকে ৪ হাজার ইলিশ ধরে বাজারে বিক্রি করেন। চার দিন ধরে আগের মতো ইলিশ মিলছে না। কিছু ট্রলার ৩০০ থেকে ৭০০টি ইলিশ ধরলেও বেশির ভাগ ট্রলার খালি ফিরছে।

বিশেষজ্ঞদের ধারণা, একই জায়গায় বিপুল পরিমাণ ইলিশ আহরণ ও অতিরিক্ত ট্রলারের দৌড়ঝাঁপের কারণে বিরক্ত হয়ে ইলিশ গভীর সাগরে চলে গেছে।

মৎস্য বিভাগ ও ইলিশ ব্যবসায়ী সংগঠনের ভাষ্য অনুযায়ী, চার দিন ধরে জেলায় ইলিশ আহরণ অনেক কমে গেছে। ৫-৬ দিন আগেও এ জেলায় দৈনিক গড়ে ১০০ মেট্রিক টন ইলিশ ধরা পড়েছে। আর এখন ধরা পড়ছে ২০ থেকে ৩০ মেট্রিক টন।

মৎস্য বিভাগ, জেলে ও ট্রলারমালিক সূত্র জানায়, টানা ৬৫ দিন মাছ ধরা বন্ধ থাকার পর জেলেরা ইলিশের সন্ধানে সাগরে নেমেছিলেন ৩ আগস্ট থেকে। এ সময় সেন্ট মার্টিন উপকূলে ধরা পড়ছিল বড় বড় ইলিশ। কিন্তু বরিশাল, বরগুনা, পটুয়াখালী, খুলনা, ভোলাসহ দেশের অন্যান্য উপকূলে ইলিশের দেখা মিলছিল না। একটা সময় ওই সব অঞ্চলের ট্রলারগুলো ইলিশ ধরতে সেন্ট মার্টিন উপকূলে চলে আসে। মৎস্য বিভাগের তথ্যমতে, গত ২১ দিনে সেন্ট মার্টিন উপকূল থেকেই আহরিত হয়েছে ৪ হাজার মেট্রিক টন ইলিশ। আহরিত ইলিশের ৯০ শতাংশের ওজন ছিল ১ কেজির বেশি। এর মধ্যে সর্বোচ্চ ২ কেজি ২০০ গ্রাম ওজনের ইলিশও ছিল।

মৎস্য বিভাগের তথ্য, দেশের ১৬টি উপকূলীয় জেলায় প্রায় ৫ লাখের বেশি জেলে ইলিশ আহরণের সঙ্গে যুক্ত। ইলিশ ধরা না পড়ায় বেশির ভাগ জেলে হতাশ। এখন সেন্ট মার্টিন উপকূল থেকেও ইলিশ উধাও হওয়ায় কক্সবাজারের ৬ হাজার ট্রলারের অন্তত ১ লাখ ২২ হাজার জেলে এখন দুশ্চিন্তায়।

সূত্র: প্রথম আলো

H/N

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন