নারায়ণগঞ্জের ফতুল্লা থেকে গাড়ি ছিনতাই চক্রের মূল সমন্বয়কসহ (প্রধান) ৫ জনকে গ্রেপ্তার করেছে র্যাব। গতকাল শুক্রবার অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তারের পাশাপাশি ছিনতাই হওয়া তিনটি পিকআপ ও একটি সিএনজিচালিত অটোরিকশা উদ্ধার করা হয়েছে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- আজিম উদ্দিন (৩৮), রফিক উল্লাহ (২৬), মো. সেলিম (৫০), কামরুল হাসান (২৬) এবং ওমর ফারুক (২৫।

এই চক্রের পাঁচজনকে গ্রেপ্তারের পর আজ শনিবার সকালে রাজধানীর কারওয়ান বাজারে র্যাবের মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন জানান, এই চক্রে ১৫ থেকে ২০ জন জড়িত। চক্রের মূল হোতা ও সমন্বয়ক আজিম উদ্দিন। এই চক্রটি ৫/৬ বছর ধরে দেশের বিভিন্ন এলাকায় সক্রিয় রয়েছে। এই সিন্ডিকেটে সদস্যরা দেশের বিভিন্ন অঞ্চল থেকে শতাধিক গাড়ি ছিনতাই বা চুরি করেছে। এভাবে তারা কোটি টাকার বেশি অর্থ উপার্জন করেছে। এই চক্রের সদস্যরা সাধারণত ঢাকা-চট্টগ্রাম রুটসহ নারায়ণগঞ্জ, সাভার ও গাজীপুরের আশপাশের এলাকায় পিকআপ, সিএনজি ছিনতাই ও চুরি করে।
সূত্র: প্রথম আলো
H/N