POPULAR BD NEWS
Popular BD News Logo

কুমিল্লা র‌্যাব-১১ এর অভিযানে মাদকদ্রব্যসহ চার ব্যবসায়ী গ্রেফতার

পপুলার বিডিনিউজ রিপোর্ট | প্রকাশিত: আগস্ট ১৫, ২০২১ | সময়: ৪:৩৭ অপরাহ্ণ

পৃথক অভিযানে র‌্যাব-১১ এর সিপিসি-২ কর্তৃক কুমিল্লার কোতয়ালি এবং সদর দক্ষিণ থেকে মোট ১২ কেজি ৭০০ গ্রাম গাঁজা ও ৪৮ পিস ইয়াবাসহ চারজন মাদক ব্যবসায়ী গ্রেফতার করা হয়েছে।

গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১১, সিপিসি-২ এর একটি আভিযানিক দল ১৪ আগস্ট রাতে কুমিল্লা জেলার কোতয়ালি থানার শাসনগাছা বাসস্ট্যান্ড এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে অভিনব কায়দায় পেটের সাথে স্কচটেপ দ্বারা প্যাঁচিয়ে বাসে গমনের প্রাক্কালে ২.৭ কেজি (দুই কেজি সাতশত গ্রাম) গাঁজাসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করতে সক্ষম হয়।

গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী হলো কিশোরগঞ্জ জেলার অষ্টগ্রাম থানার আনোয়ারপুর গ্রামের মৃত লাল মিয়ার ছেলে মোঃ সুরুজ ভান্ডারী মন পাগলা (৬২)।

এছাড়াও র‌্যাব-১১, সিপিসি-২ এর পৃথক আরেকটি অভিযানে ১৪ আগস্ট রাতে কুমিল্লা জেলার সদর দক্ষিণ থানার সোয়াগাজী বাজার এলাকা থেকে ১০ কেজি গাঁজা ও ৪৮ পিস ইয়াবাসহ তিনজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীরা হলোঃ কুমিল্লা জেলার সদর দক্ষিণ থানার কৃষ্ণনগর গ্রামের মৃত মোরশেদ আলমের ছেলে মোঃ জহির আলম (১৮), চৌদ্দগ্রাম থানার রামচন্দ্রপুর গ্রামের মৃত আমির হোসেন এর ছেলে মোঃ রাব্বি (১৮) এবং একই গ্রামের মোঃ সোয়া মিয়ার ছেলে মোঃ ফারুক (১৮)।

র‌্যাব-১১ উপ-পরিচালক মেজর মোহাম্মদ সাকিব হোসেনের পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে জানা গেছে, গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীরা দীর্ঘদিন যাবৎ কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে গাঁজা ও ইয়াবাসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছে। এ বিষয়ে গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে কুমিল্লা জেলার সংশ্লিষ্ট থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন