POPULAR BD NEWS
Popular BD News Logo

কবর খুঁড়ে কঙ্কাল চুরির অভিযোগ, জনতার হাতে আটক ১

পপুলার বিডিনিউজ ডেস্ক | প্রকাশিত: আগস্ট ১০, ২০২১ | সময়: ৪:৫৫ অপরাহ্ণ

গাজীপুরের শ্রীপুরে কবর খুঁড়ে দুটি কঙ্কাল চুরির অভিযোগে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। আজ মঙ্গলবার ভোররাতে উপজেলার পৌর এলাকার ৭ নম্বর ওয়ার্ডের চন্নাপাড়া গ্রামের বাসিন্দারা ওই ব্যক্তিকে আটক করেন। পরে তাঁকে পুলিশের কাছে সোপর্দ করা হয়।

আটক ওই ব্যক্তির নাম মো. জাকির হোসেন (৩৫)। তিনি সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার লোহাজুড়ি গ্রামের মো. কাশেম আলীর ছেলে। জাকির গাজীপুরের ওমেগা সোয়েটার লিমিটেড নামে একটি পোশাক কারখানায় চাকরি করেন। এ জন্য তিনি চন্নাপাড়া গ্রামের মো. আলাউদ্দিনের বাড়িতে ভাড়া থাকতেন।
জাকিরকে আটকের সময় তাঁর সঙ্গে থাকা দুই সহযোগী পালিয়ে গেছেন। জাকিরের দেওয়া তথ্যমতে, পালিয়ে যাওয়া অপর দুজন হলেন মো. রাজন ও মো. মজনু। তাঁরা তিনজন একই বাড়িতে ভাড়া থাকতেন।

৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মো. হাবিবুল্লাহ বলেন, ওই গ্রামের গনি হাজির বাড়ির পারিবারিক গোরস্থান থেকে আজ ভোররাতে কঙ্কাল চুরির ঘটনা ঘটে। তিনি বলেন, ভোররাত চারটার দিকে স্থানীয় নাজমুল ও রবি নামের দুই ব্যক্তি বাড়ির বাইরে বের হন। তাঁরা অপরিচিত তিন ব্যক্তিকে কবরস্থানের পাশে বস্তা হাতে দেখতে পান।

পরিচয় জানতে চাওয়ার সঙ্গে সঙ্গে তাঁদের মধ্যে দুজন দৌড়ে পালিয়ে যান। এ সময় জাকিরকে আটক করেন তাঁরা। পরে তাঁর কাছে থাকা একটি বস্তার ভেতর থেকে দুটি কঙ্কাল খুঁজে পাওয়া যায়। পরে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে জাকিরকে আটক করে পুলিশ।

সূত্র:প্রথম আলো
H/N

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন