৩৮ ঘণ্টা পর আবার নৌপথে লঞ্চ চলাচল বন্ধ হয়ে গেছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ নিষেধাজ্ঞা বহাল থাকবে। এর আগে পোশাক ও রপ্তানিমুখী কারখানা খুলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়ার পর শ্রমিকদের ঢাকা পৌঁছাতে সরকার গত শনিবার রাত থেকে কাল রোববার দুপুর ১২টা পর্যন্ত গণপরিবহন চলাচলের অনুমতি দেয়। ভিড় থাকায় পরে গতকাল ১২টায় লঞ্চ বন্ধ না করে চালু রাখার ঘোষণা দেয় সরকার। ৩৮ ঘণ্টা চালু থাকার পর আজ সোমবার সকাল ১০টায় লঞ্চ চলাচল বন্ধ হয়ে যায়। একই সঙ্গে বন্ধ হয়ে গেছে দূরপাল্লার বাসও।
করোনার সংক্রমণ রোধে গত ২৩ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত কঠোর বিধিনিষেধ আরোপ করেছে সরকার। তবে গতকাল থেকে পোশাক কারখানা ও রপ্তানিমুখী শিল্পকারাখানা চালু করার ঘোষণা দেওয়ার পর কাজে যোগ দিতে গত শুক্রবার রাত থেকেই ঢাকামুখী শ্রমিকদের ঢল নামে সড়ক-মহাসড়কে। বিধিনিষেধের কারণে লঞ্চ-গণপরিবহন বন্ধ থাকায় রিকশা, ভ্যান, পিকআপ, এমনকি পণ্যবাহী ট্রাকে যে যেভাবে পারেন ঢাকার উদ্দেশে রওনা হন। পরে তাঁদের নিরাপদে কর্মস্থলে ফেরার সুযোগ দিতে সরকার শনিবার রাত থেকে কাল দুপুর ১২টা পর্যন্ত গণপরিবহন চলাচলের অনুমতি দেয়। তবে লঞ্চ চলাচল পুনরায় বন্ধ হতে আজ সকাল ১০টা বেজে যায়। এখন পর্যন্ত সরকারি যে ঘোষণা রয়েছে, তাতে ৫ আগস্ট পর্যন্ত সব ধরনের নৌযান চলাচল বন্ধ থাকবে।
সূত্র:প্রথম আলো
H/N